April 21, 2026
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদে বহাল থাকছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। মির্জা ফখরুল বলেন, ‘আমার পদে পরিবর্তন আসছে, এ রকম খবর জানা নেই। তা ছাড়া গত কয়েক দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে আমাকে নিয়ে যেসব সংবাদ পরিবেশন করা হচ্ছে সেগুলো গুজব ছাড়া কিছুই নয়।’ তিনি আরও বলেন, ‘দলকে গতিশীল করতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। তবে মির্জা ফখরুল এও বলেছেন, ‘দলের স্বার্থে হাইকমান্ড যদি কোনো সিদ্ধান্ত নেন, তা প্রতিটি নেতা-কর্মীই মানতে বাধ্য।’ গত কয়েক দিন ধরে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালসহ গণমাধ্যমগুলো বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদে পরিবর্তন আসছে বলে খবর প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুলের সঙ্গে যোগাযোগ করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকা অবস্থায় এই প্রথম তিনি কোনো গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বললেন।