April 20, 2026
ঢাকা: আড়াই মাস পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারবিরোধী লাগাতার আন্দোলনে ব্যাপক ধরপাকড়ের মুখে আত্মগোপনে থাকা ফখরুল বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। তবে মাত্র মিনিট কয়েক সেখানে অবস্থান করার পর চলে যান তিনি। দলটির তিন সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন ও শামীমুর রহমান এবং যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আগে থেকেই সেখানে ছিলেন। আরো উপস্থিত ছিলেন ১০/১৫ জন নেতাকর্মী। তারা যথারীতি ফুল দিয়ে ফখরুলকে শুভেচ্ছা জানান। পুলিশ কাউকে পার্টি অফিসে ঢুকতে বা বের হতে বাধা দেয় নি।
পার্টি অফিসে নিজের দপ্তরে আসার পর সাংবাদিকদের ফখরুল বলেন, সরকার এততরফা নির্বাচন করেছে। জনগণ ভোট দেয় নি। খালেদা জিয়াকে বাসা থেকে বের হতে দেওয়া হয় নি। এসবের খবর সংগ্রহ করার জন্য সাংবাদিকরা অনেক কষ্ট করেছেন। তাদের ধন্যবাদ। তিনি বলেন, নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসতে পারে না। এ পরিবেশ গণতন্ত্রের জন্য শুভ হতে পারে না। তবে সরকার অবৈধ হলেও আলোচনার জন্য যেহেতু পক্ষ লাগে, তাই প্রয়োজনে বিএনপি অবৈধ সরকারের সঙ্গেও আলোচনায় বসতে রাজি আছে– বলেন মির্জা ফখরুল। মাত্র কয়েক মিনিট দলীয় কার্যালয়ে অবস্থানের পর চলে যান তিনি।