April 21, 2026
ঢাকা: সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আগামী সাত দিনের মধ্যে জানতে চেয়ে সরকারের ওপর রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার অ্যাডভোকেট পরিমল চন্দ্র গুহ পত্রিকার কাটিং উপস্থাপন করার পর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারির আদেশ দেন। এ-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আক্রান্ত জেলার ডিসি-এসপি ও সংশ্লিষ্ট ইউএনও এবং ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর এ-সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করতে বলা হয়েছে।
পাশাপাশি সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করার নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেছেন আদালত। সেই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দুটি রুল জারি করেন। গত ১৩ জানুয়ারির প্রথম আলো এবং আমাদের সময় পত্রিকার কাটিং উপস্থাপন করার পর স্বতঃপ্রণোদিত হয়ে আদালত এই আদেশ দেন।