April 20, 2026
ঢাকা: রাজধানীর ওয়ারী থানাধীন গোপীবাগের একটি বাড়িতে ৬ জনের গলাকাটা লাশ পাওয়া গেছে। পুলিশ লাশগুলো উদ্ধারে কাজ করছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করে ওয়ারী থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশসূত্র নিশ্চিত করেছে। ওয়ারি ডিভিশনের উপ-পুলিশ কমিশনার ইলিয়াস শরিফ গলাকাটা লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গোপীবাগের জিয়া মাঠের কাছে আর কে মিশন রোডের জজ গলির ৬৪/৬ নং চারতলা বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনার কথা জানতে পারেন বলে ইলিয়াস শরিফ জানান। কে বা কারা ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেন নি ইলিয়াস শরিফ। পাশের ফ্ল্যাটের বাসিন্দা মফিজুদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ফ্ল্যাট থেকে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার-চেঁচামেচি শোনা যায়। এরপর অনেক হৈ-হুল্লোড় শোনা যায়। পরমুহূর্তেই ফ্ল্যাটের দরজার কাছে দু’টি লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশসূত্র জানায়, লাশগুলোর মধ্যে একটি বাড়ির কেয়ারটেকারের। ৬টি লাশের ৪টি এক কক্ষে ও ২টি আরেকটি কক্ষে পাওয়া গেছে। পুলিশ সদস্যরা জানান, লাশগুলোর গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তাদের মুখে টেপসাঁটা ছিল।