April 20, 2026
ঢাকা: কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে যখন দেশে প্রবলভাবে পাকিস্তানবিরোধী অনুভূতি বহমান, ঠিক তখনই পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তবে এই ধন্যবাদ বাংলাদেশ বিরোধীদের মুখোশ উন্মোচন করতে পাকিস্তানের ‘অবদান’কে স্বীকৃতি হিসেবেই। শনিবার দুপুর সোয়া ১২টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে পাকিস্তানের প্রতি এ ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। ‘মানবতাবিরোধী যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে পাকিস্তান সরকারের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ ও নিন্দায়’ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এই আলোচনাসভার আয়োজন করে। আইন প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি দাবি করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তাই আমরা ভেবেছিলাম তিনি হয়তো প্রকৃত মুক্তিযোদ্ধা। কিন্তু সম্প্রতি পাকিস্তান পরিষ্কার করে দিয়েছে বিএনপি, জামায়াতের আসল চরিত্র। পাকিস্তানের তালেবানও এখন তাদের পক্ষে কথা বলছে। পাকিস্তানে থাকা বাংলাদেশের দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘কোনো দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায় এবং তার কার্যকারিতা প্রসঙ্গে কোনো সংসদে প্রশ্ন উঠতে পারে না। পাকিস্তান বর্বর জাতি বলেই এই আলোচনা হয়েছে আর এভাবে বাংলাদেশকে অপমান করার পরও প্রধান বিরোধী দল বিএনপি এবং ড. ইউনূসের মতো নেতা চুপ করে থাকেন।’ ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন নয় দেশ ধ্বংস করতে চায় এবং সাধারণ মানুষকে হত্যা করতে চায়। কারণ সাধারণ মানুষ তাদের পছন্দ করে না’ বলেও মন্তব্য করেন তিনি। আয়োজক সংগঠনের সভাপতি মণ্ডলীর সদস্য শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাহ-ই-আলমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম সহ অন্যরা।