April 19, 2026
ঢাকা: দেবযানী খোবরাগারে ইস্যুতে ভারতের কাছে ওয়াশিংটন ক্ষমা চাইবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এছাড়া দেবযানীর ওপর আরোপিত অভিযোগও কোনোভাবেই প্রত্যাহার করা হবে না বলেও জানানো হয়েছে। শুক্রবার ভারতীয় কূটনীতিকের হেনস্থা ইস্যুতে নয়া দিল্লির চাপে মুখে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ। যুক্তরাষ্ট্র এমন এক সময় সিদ্ধান্ত জানালো যখন, বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে দেবযানী খোবরাগারের ইস্যু দ্রুত মিটিয়ে ফেলার নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং। এরপরই দেবযানী খোবরাগারে ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও সুর চড়ায় ভারত। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ দুঃখ প্রকাশ নয় বরং যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অবশ্য ভারতীয় মন্ত্রীদের অনড় অবস্থানের আগে কিছুটা নরম ছিল যুক্তরাষ্ট্র। বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ফোনে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শুধু তাই নয়, দেবযানী খোবরাগারের বিরুদ্ধে গ্রেপ্তারি এবং আইনি প্রক্রিয়াও খতিয়ে দেখার আশ্বাস দেয় হোয়াইট হাউস। তবে ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলার অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হোয়াইট হাউস। কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভারতকে ভিয়েনা চুক্তির কথা মনে করিয়ে দেয় যুক্তরাষ্ট্র।