April 18, 2026
ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অটল রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তাই নির্বাচনের বিষয়ে কেউ তাকে না জানিয়ে কিছু বললে তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের। শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় নিজ বাড়িতে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন জিএম কাদের। কাদের বলেন, ‘চেয়ারম্যান এরশাদ যেহেতু সরাসরি কিছু বলতে পারছেন না, তাই আমার এবং পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বক্তব্যই গ্রহণযোগ্য। আমরা দু’জন ছাড়া পার্টি সম্পর্কে কেউ কিছু বললে তা গ্রহণযোগ্য হবে না।’ এ সময় নিজের মন্ত্রিত্বের প্রসঙ্গে কাদের বলেন, ‘আমি পার্টির চেয়ারম্যানের নির্দেশে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। আর তা প্রধানমন্ত্রীর কাছেও জমা দেওয়া হয়েছে। তাই এখন নিজেকে মন্ত্রী হিসেবে মনে করি না। মন্ত্রিত্বের কোনো সুবিধাও নিচ্ছি না।‘ ‘আমি মন্ত্রিত্ব করছি, এটা কেউ বললে তা বিভ্রান্তিকর হবে। এই কথা কোনভাবেই আপনারা বিশ্বাস করবেন না’ বলেও উল্লেখ করেন তিনি।