April 18, 2026
ঢাকা: দীর্ঘকাল ক্ষমতায় থাকার জন্য সরকার যে সাজনো নির্বাচনের নামে নীলনকশা তৈরি করেছে তাতে মানুষের মৌলিক অধিকার চরম হুমকির সম্মুখীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টাঙ্গাইলে বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুককে গুলি করে হত্যার প্রতিবাদে শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল এ মন্তব্য করেন। তিনি বলেন, তাদের এ সাজানো নাটকে রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের জনজীবন চরম হুমকির মধ্যে রয়েছে।
ফখরুল বলেন, “বর্তমান আওয়ামী সরকারের সন্ত্রাসী থাবা থেকে দেশকে রক্ষা করতে হলে এখনই কঠিন ও দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।” বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “গণতন্ত্রের সমস্ত শর্তকে পদদলিত করে সারাদেশে এক বিভীষিকাময় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। তারা মানুষ খুন এবং বিরোধী দলের যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, হত্যা, গুম, মিথ্যা মামলা দায়ের, রিমান্ডের নামে নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ, দখল ও সন্ত্রাসের রাজত্ব কায়েমে মরিয়া হয়ে উঠেছে।” ফখরুল অভিযোগ করে বলেন, “তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাতেই শুক্রবার সকাল ৭টায় টাঙ্গাইল জেলাধীন সদর উপজেলার দোন্যা ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুককে গুলি করে নির্দয়ভাবে হত্যা এবং গতকাল ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপি কার্যালয়, স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক সরদার খুররমের বাড়ি এবং ২০টি দোকান ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।” প্রসঙ্গত, শুক্রবার সকাল সাতটার দিকে টাঙ্গাইল জেলাধীন সদর উপজেলার দোন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদর থানা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম ফারুককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।