April 18, 2026
ঢাকা: কাদের মোল্লার ফাঁসির প্রতিক্রিয়ায় শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থানে বেপরোয়াভাবে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে জামায়াত শিবির কর্মীরা। এ সময় পুলিশের ওপরও হামলা চালায় তারা। মতিঝিল, ফকিরাপুল, মালিবাগ ও রামপুরা সহ বিভিন্ন স্থানে জুমার নামাজের পরপরই লাঠিসোঁটা হাতে নেমে আসে জামায়াত-শিবির কর্মীরা। গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শুক্রবার বেলা দুইটার দিকে মতিঝিলের এডিবি কলোনির কাঁচা বাজারের সামনে চারটি প্রাইভেটকার ও দু’টি মোটরসাইকেলে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা। তাছাড়া পুরো রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় জামায়াত-শিবির কর্মীরা। এ সময় ৫-৬টি ককটেলেরও বিস্ফোরণ ঘটায় তারা। পরে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে মালিবাগ আবুল হোটেলের সামনে থেকে শুরু করে রামপুর কাঁচাবাজার পর্যন্ত এলাকায় রাস্তার বিভিন্ন যানবাহনে আগুন ও দোকানপাটে ভাঙচুর করে শিবির কর্মীরা। মালিবাগে আবুল হোটেলের সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় শিবির কর্মীরা। এছাড়া রামপুরা কাঁচাবাজারের সামনে হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় ১৫টিরও বেশি ককটেলের বিস্ফোরণ ঘটায় শিবির ক্যাডাররা। পরবর্তীতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ। রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) দীপায়ন শিবিরের তাণ্ডবের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।