May 9, 2026
ঢাকা : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ দুইদিনের সফরে আগামী শনিবার ঢাকা আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনির আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন।
সালমান খুরশীদ এ সফরকালে ডাঃ দীপু মনির সঙ্গে ইন্দো-বাংলা যৌথ পরামর্শক কমিশনের দ্বিতীয় বৈঠকে অংশ নেবেন।
দুইদেশের সহযোগিতামূলক উন্নয়নের অবকাঠামোর আওতায় এ কমিশন গঠিত হয়। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীদ্বয় ২০১১ সালের সেপ্টেম্বরে যৌথ উন্নয়নের আলোকে কমিশন গঠনকল্পে চুক্তিতে স্বাক্ষর করেন।
গত বছরের ২৮ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সালমান খুরশীদের এটাই হবে বাংলাদেশে প্রথম সফর।
তবে গত বছরের মে মাসে আইন, বিচার ও সংখ্যালঘুমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশ সফর করেন। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কবিতার ৯০তম বার্ষিকী উপলক্ষে সালমান খুরশীদ ঢাকা ওই সফরে এসেছিলেন।
যৌথ পরামর্শক কমিশনের দ্বিতীয় এ বৈঠকে দুই দেশের মধ্যকার বিভিন্ন ক্ষেত্রে অভিন্ন সম্পর্ক, আস্থার ক্ষেত্র আরও চিহ্নিতকরণ এবং যৌথ অংশীদারিত্বের বিষয় সম্প্রসারণে তাগিদে জোর দেওয়া হবে।
দুই দিনের ঢাকা সফরকালে সালমান খুরশীদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর এবং পানিসম্পদমন্ত্রী রমেশচন্দ্র সেনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
ভারত ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের পারষ্পরিক মত বিনিময়ের ঐতিহ্যগত সঙ্গতি রেখে সালমান খুরশীদ এ সফরে আসছেন। যা দুই দেশের দ্বিপক্ষীয় জোরালো সম্পর্কের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে।