May 9, 2026
ঢাকা: যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মিছিলকারীরা কর্মসূচি শেষ করে ফেলে। অপরদিকে রাজধানীর ব্যাস্ততম এলাকা পল্টন ও মতিঝিলে সতর্ক অবস্থানে রয়েছে র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) ও পুলিশ সদস্যরা।
সকাল পৌনে নয়টায় খিলগাঁওয়ে জামায়াতের পল্টন থানা আমির মোকাররম বিল্লাহ, নয়টায় ওলামা মাশায়েখ পরিষদের নেতা মিজানুর রহমানের নেতৃত্বে যাত্রাবাড়ীতে মিছিল বের হয়। কিন্তু পুলিশি বাধার আশঙ্কায় সব খানেই ১০-১৫ মিনিটের মধ্যে মিছিল শেষ করা হয়।
এদিকে পল্টন মোড়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, দৈনিক বাংলা মোড়, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিলের শাপলা চত্বর, সিটি সেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে দেখা গেছে র্যা ব ও পুলিশ সদস্যদের।
বেলা ১২টার দিকে দৈনিক বাংলা মোড়ে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, সাঈদীর মুক্তির দাবিতে ওলামা মাশায়েখের মিছিল হওয়ার কথা রয়েছে। এজন্য তারা ভোর থেকেই রাস্তায় অবস্থান করছেন। অফিসাররা বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন বলে জানান তারা।
গত দু’দিন মঙ্গল ও বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। ফকিরাপুলের বক্সকালভার্ট রোডের মাথায় একটি বাসেও বুধবার সকালে আগুন দেয় তারা। এরপর পুরো দিন রাজধানীর সব ক’টি রোডে অসংখ্য ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক ছড়িয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাস্তায় যান চলাচল একেবারেই কম ছিল।
বৃহস্পতিবার যান চলাচল বাড়লেও র্যা ব-পুলিশের ব্যাপক অবস্থানে জনমনে আতঙ্ক কমেনি।