May 6, 2026
ঢাকা : রাজধানীর হাজারীবাগের কালু নগর মাহতাব পেট্রলপাম্প এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে ২ শিশুসহ ৩ জন মারা গেছে।
বুধবার রাত ২টার দিকে বেরিবাঁধ সংলগ্ন বস্তির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনে দোকানপাটসহ পুড়ে গেছে বেশকিছু ঘর। একটি দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে দমকল বাহিনী সূত্রে জানা গেছে।
খবর পেয়ে দমকল বাহিনীর ৯টি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে যায় জামিয়া ইবাদিয়া মদিনাতুল এতিমখানা মাদ্রাসা। এই এতিমখানায় ঘুমিয়ে ছিল ৪০ শিশু। শিক্ষকরা প্রায় সবাইকে বের করতে পারলেও আগুনে পুড়ে ৭ ও ৫ বছর বয়সের ২ শিশু এবং ঢাকায় ছেলেদের কাছে বেড়াতে আসা কুমিল্লার জয়নাল আবেদিন মারা যান।