May 6, 2026
ঢাকা: দ্বিতীয় পর্বের স্থায়ী মেরামতের জন্য ছয়দিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা-গোমতী সেতু। ১৬ ফেব্র“য়ারি সকাল ৮টা থেকে ২২ ফেব্র“য়ারি সকাল ৮টা পর্যন্ত সেতু দুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। মেরামত চলাকালে কাঁচপুর ও ময়নামতি বিকল্প পয়েন্ট থেকে যানবাহন দিক পরিবর্তন করে চলবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “তৃতীয় ও শেষ পর্বের স্থায়ী মেরামত কাজ আগামী মার্চ মাসে শেষ হবে।” নির্মাণ চলাকালে জাতীয় স্বার্থে সেতু দুটি রক্ষার জন্য সাময়িক অসুবিধা মেনে নিয়ে সহযোগিতার অনুরোধ করেন মন্ত্রী।
তিনি জানান, সেতু দুটির মেরামতকালে ঢাকা-চট্টগ্রাম রুটে বিকল্প পথে যাতায়াতের জন্য কাঁচপুর ব্রিজ (ঢাকা)-তারাবো মোড় (রূপগঞ্জ)-নরসিংদী-আশুগঞ্জ-ভৈরব-সরাইল বিশ্বরোড-ময়নামতি-চট্টগ্রাম সড়কে চলবে।
এছাড়া চট্টগ্রাম-ঢাকা রুটে ময়নামতি-সরাইল বিশ্বরোড-ভৈরব-আশুগঞ্জ-নরসিংদী-তারাবো মোড় (রুপগঞ্জ)-ঢাকা সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, “মেঘনা ও মেঘনা-গোমতী সেতু বন্ধ থাকাকালে স্থানীয় জনসাধারণের সুবিধার জন্য কাঁচপুর থেকে সোনারগাঁও পর্যন্ত এবং ময়নামতি থেকে দাউদকান্দি ওয়াই জাংশন পর্যন্ত বাস ও মিনিবাস চলাচল করবে। স্থানীয় শিল্প কারখানার মালামাল ও কর্মরত শ্রমিকরা একই পথে নির্ধারিত স্থানে পরিবহন করতে পারবেন।”
মন্ত্রী আরও জানান, ধারণক্ষমতার অতিরিক্ত পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণে চট্টগ্রামের সীতাকু-, কুমিল্লার ময়নামতি, হবিগঞ্জের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর ও হবিগঞ্জের আউসকান্দিতে ওয়ে স্কেল সচল থাকবে। এছাড়া সিলেট থেকে আসা কয়লা, পাথর ও কাঠ বহনকারী অতিরিক্ত ওজনের যানবাহন এবং চট্টগ্রাম বন্দর থেকে অতিরিক্ত ওজনের লং ভেইক্যাল, কাভার্ডভ্যান উৎসমুখে নিয়ন্ত্রণ করা হবে।
এ সময় যাত্রী চলাচলের জন্য ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে অতিরিক্ত যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলবে জানিয়ে মন্ত্রী বলেন, “এছাড়া ঢাকা-চাঁদপুর-ঢাকা নৌ-রুটে অতিরিক্ত স্টিমার সার্ভিস চালু করা থাকবে।”
এর আগে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি মো: সবুর খানসহ সদস্যরা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নেতৃবৃন্দ ঢাকা মহানগরীর যানজট নিরসনসহ সমন্বিত উপায়ে মহানগরীর মানোন্নয়নে মতামত তুলে ধরেন।