May 6, 2026
ঢাকা: শাহবাগে নতুন প্রজন্মের আন্দোলনের নেতৃত্ব কার হাতে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। নেতৃত্বকে কেন্দ্র করে সোমবার বাম সংগঠনের নেতাদেরকে মঞ্চের পেছনে থাকতে দেখা গেছে। ছাত্রলীগের হাতে মূল নেতৃত্ব দেয়াকে কেন্দ্র করে এ সংকট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
তবে নেতৃত্ব নিয়ে যাই হোক আন্দোলন চালিয়ে নেয়ার সিদ্ধান্তে এখনো অটুট রয়েছে হাজার হাজার ছাত্র জনতা। টানা অষ্টম দিনের মতো জামায়েত নেতা কাদের মোল্ল্লাসহ অভিযুক্ত সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এখনো আন্দোলন অব্যহত রয়েছে।
জানা গেছে, কয়েকজন ব্লগার আন্দোলনের সূত্রপাত করলেও প্রগতিশীল ছাত্রজোট প্রথম থেকেই আন্দোলনে অংশ নেয় স্বতস্ফূর্তভাবে। বাম সংগঠন স্ল্লোগান ও উপস্থাপনার দায়িত্ব পেলেও এখনো আন্দোলনের পূর্ণ নিয়ন্ত্রণ ছাত্রলীগর হাতেই রয়েছে।
শুক্রবারের সমাবেশে আন্দোলন চালিয়ে যেতে আহবায়ক কমিটির ঘোষণার পরামর্শ দেয়া হলেও এ প্রস্তাব সরাসরি প্রত্যাখান করে আন্দোলনকারী সাধারণ ছাত্র জনতা। অবশ্য অভ্যন্তরীণভাবে কমিটি গঠন নিয়ে দ্বিতীয়দিন থেকেই আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন বাম ছাত্র সংগঠন, ব্লগার ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরে আন্দোলনের ষষ্ঠ দিনে বাম সংগঠন ও ছাত্রলীগ এ নিয়ে একটি পরামর্শ সভা করেছেন বলে বাংলাদেশ ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি রাসেদ শাহরিয়ার জাস্ট নিউজকে জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে কমিটির একটি খসড়া তালিকাও করা হয়।
পরে আহবায়ক কমিটিতে মূল দায়িত্বে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের নাম প্রস্তাব করায় বিপত্তি বাঁধে বাম সংগঠন ও ব্লগারদের মাঝে। এ নিয়ে মনমালিণ্যও দেখা দেয় তাদের মাঝে।
পরে কমিটি নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়। এ নিয়ে এখনো সমন্বয় করার চেষ্ঠা করছে বলে জানা গেছে। এত কিছুর পরও আন্দোলন চালিয়ে নিতে আওয়ামী সমর্থিত সুশীল সমাজের নেতারা সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আসছেন বলে জানা গেছে।
অপরদিকে আন্দোলনের নায়ক সাজতে ইতিমধ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে দৌঁড়ঝাপ শুরু হয়েছে। এ নিয়ে বিভিন্ন পত্রিকাকে গত কয়েকদিন ধরে ভিন্ন ভিন্ন ছবিতে স্বাক্ষাৎকারও প্রকাশিত হয়েছে।
এ কারণে ক্ষোভ প্রকাশ করেছেন মূল আন্দোলনকারী ব্লগাররা। কয়েকজন ব্লগার জানান, যৌক্তিক এ আন্দোলন তারা চালিয়ে যাবেন। নেতৃত্ব নিয়ে তাদের কোন লোভ নেই। দেশ ও জাতীর কল্যাণে তারা আজীবন কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।