May 6, 2026
নিউইয়র্ক: নিউইয়র্কের একটি অ্যাপার্টমেন্টের পাঁচতলা থেকে পড়ে বাংলাদেশি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম রূপসী বড়ুয়া (৩)।
গত রোববার ঘটনাটি ঘটে। ঘটনার পর পরই তাকে মুমূর্ষু অবস্থায় নিকটবর্তী এলমহার্স্ট হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
জানা গেছে, ৫৩-০১, ৩২ অ্যাভিনিউ, অ্যাপার্টমেন্ট ৫ আর, নর্দান বুলোভার্ড ঠিকানায় বসবাসকারী রূপসী বড়ুয়া এবং দুই বছরের আরেক শিশু বাথরুমে দরজা বন্ধ হয়ে আটকা পড়ে। এসময় রূপসীর বাবা মা বিল্ডিং সুপারকে খবর দেন। সুপার এসে দরজা ভেঙে বাথরুম খুললেও কেবল দুই বছর বয়সী অন্য শিশুটিকে পাওয়া যায়।
রূপসীর বাবা-মা তাকে খুঁজতে জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখেন, রূপসী মাটিতে পড়ে রয়েছে নিথর হয়ে আছে। দ্রুত রূপসীকে এলমার্স্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসী বড়ুয়ার বাবার নাম সুজিত বড়ুয়া ও মা মিউটি বড়ুয়া। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। রূপসীর মৃত্যুর ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায় নি। তবে পাঁচতলা থেকে পড়ে রূপসীর মৃত্যুকে কেউ কেউ রহস্যজনক মনে করছেন।
রূপসী বড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। ঘটনার পুলিশি তদন্ত চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রূপসীর মরদেহ এলমহার্স্ট হাসপাতালের হিমঘরে ছিল।