May 6, 2026
ঢাকা : শীর্ষ জঙ্গি কারাবন্দী মুফতি হান্নানের ছোটভাই আনিসুর রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে কাফরুল থানা পুলিশ মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে তাকে আটক করে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ তাকে আটকের সত্যতা স্বীকার করেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, আনিস নাশকতার পরিকল্পনা করছিল বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ কারণে তাকে আটক করা হয়েছে। তিনি তৈরি পোশাকের বোতামসহ বিভিন্ন সরঞ্জামের ব্যবসা করেন।
আনিস কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করতেন কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আটক আনিসের বড় ভাই জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাগারে রয়েছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে গোপালগঞ্জের কোটালীপাড়ার হেলিপ্যাডে বোমা পুঁতে রেখে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টাসহ বিভিন্ন মামলা রয়েছে।