May 30, 2026
ঢাকা: মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে গণতন্ত্রের চর্চা ব্যাহত হবে। ডিএমপির নিষেধাজ্ঞা আরোপ দুই দলের মধ্যে আলোচনার পরিবেশ নষ্ট করবে। মেনন বলেন, `মত প্রকাশের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করার কোনো প্রয়োজন ছিল না।’ সরকার ও পুলিশের এ নিষেধাজ্ঞা অভিলম্বে তুলে নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। রোববার সকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেনন এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে মেনন বলেন, ‘এ প্রস্তাবের সূত্র ধরে সমাধানের পথ বের হতে পারে। অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান কে হবেন, সেটা দুই দল বসে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে।’
তিনি বলেন, ‘সর্বদলীয় সরকারে জামায়াতের কোনো সদস্যকে আনলে ওয়ার্কার্স পার্টি সেটা কোনদিনও মেনে নেবে না।’ আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানিয়ে মেনন বলেন,‘স্বাধীনতার বিপক্ষের শক্তি ক্ষমতায় আসলে বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বিপর্যয় ঘটবে।’
সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, নুরুল হাসান, হাজেরা সুলতানা, কামরুল আহসান, কমরেড শফিউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আহমেদ প্রমুখ।