April 22, 2026
ঢাকা: নতুন করে সক্রিয় হয়ে উঠার চেষ্টা করছেন হেফাজতে ইসলাম। প্রায় চার মাস পর চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রসায় জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিল সমালোচিত সংগঠনটি। সংগঠনকে চাঙা করতে গঠন ছাড়াও ১৩ দফার দাবিতে ঘোষণা দেয়া হয়েছে নানা আন্দোলন কর্মসূচি। ৫ মে ঢাকা ঘেরাও কর্মসূচীর পর অনেকটা নিস্ক্রিয় হয়ে পড়ে হেফাজতে ইসলাম। হামলা-মামলার ভয়ে নেতাদের অনেকেই চলে যান আত্মগোপনে।
সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরীও দীর্ঘদিন ছিলেন পুলিশী হেফাজত আর হাসপাতালে। সাংগঠনিক তৎপরতা না থাকায় হতাশায় পড়েন নেতা-কর্মীরা। শনিবারের সম্মেলনে সারা দেশের কয়েক হাজার নেতা-কর্মীদের জড়ো করে আবারো সক্রিয় হওয়ার জানান দিল তারা।
সংগঠনের আমীর মাওলানা শফির নেতৃত্বে ২০১ সদস্যের নতুন সূরা কমিটি গঠনের পাশাপাশি আগামী ৩০ অক্টোবরের মধ্যে সারাদেশের তৃণমূল পর্যায়ে কমিটি করার ঘোষণা দেয়া হয়। আর ১৩ দফাসহ অন্যান্য দাবীর জন্য দেয়া হয় নতুন কর্মসূচী। দাবী মানতে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারকে সময় বেধে দেয়া হয়। সম্মেলনে মহাসচিব বাবু নগরী কওমি মাদ্রসার ধ্বংসে ষড়যন্ত্র যেকোন মূল্যে প্রতিহতের হুশিয়ারী দেন।
গুঞ্জন থাকলেও নির্বাচনে অংশ নেয়া আর বিরোধী দলের সাথে জোটবদ্ধ আন্দেলন হওয়ার কোন আগ্রহ নেই বলে জানান নেতা সাংগঠনিক সম্পাদক মওলানা আজিজুল হক ইসলামাবাদী আগামী বুধবার জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে তাদের নতুন কর্মসূচী। আর ডিসেম্বরের ১২ ও ১৩ তারিখ চট্টগ্রামে মহাসম্মেলনে স্পষ্ট হবে ১৩ দফা আন্দোলনের গতি-প্রকৃতি।