পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এরশাদকে উকিল মানেন ইনু

Posted on September 21, 2013 | in জাতীয় | by

72118_ap

কুষ্টিয়া:  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের সাম্প্রতিক তৎপরতা প্রসঙ্গে বলেছেন, আমি মনে করি দেশের এই সংকট সময়ে তিনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য উকিল হিসেবে কাজ করতে পারেন। আমি আশা করবো তিনি নিরপেক্ষ থেকে গণতন্ত্রের স্বার্থে এ কাজ করবেন। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ও বিরোধী দল অংশগ্রহণ না করলে নির্বাচন হবে কি না, এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, মহাজোট সরকার নিরপেক্ষ নির্বাচনের জন্য সবরকম পদক্ষেপ নেবে। নির্বাচনে কারা আসে, কারা যায়, তা দেখার পরে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন খেলাধুলা ও গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা ২০১৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করতে বর্তমান সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর নবযাত্রা সূচনা করার জন্য সেনানিবাসে যান। বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর গমনকে রহস্যজনক মনে করলে আমি বলবো বিএনপি নেতারা সশস্ত্র বাহিনী নিয়ে চক্রান্ত করছেন।
তিনি বলেন, আমরা বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে বারবার আলোচনায় বসার আহবান জানাচ্ছি। অথচ তিনি শর্ত দিয়ে সংলাপ বানচাল করছেন। তিনি সংলাপ বানচাল করার চক্রান্তে লিপ্ত আছেন।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, সিনিয়র সহকারী পুলিশ সুপার সি এ হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, প্রধান শিক্ষক আব্দুল জব্বার, মজিবুর রহমান সান্টু প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud