April 21, 2026
লাহোর: জিম্বাবুয়ে সফরের পর সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ আয়োজন করবে পাকিস্তান। এই সিরিজে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। এই সুযোগে জাতীয় দলে ফিরতে অভিজ্ঞ আব্দুল রাজ্জাক ও শোয়েব মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে বিনীত অনুরোধ জানিয়েছে।
জিম্বাবুয়ের মাটিতে দুই টেস্টের একটিতে জয়, আরেকটিতে হার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও একটিতে হার। দলের এমন পারফরমেন্সে সন্তুষ্ট নয় পিসিবি। আসন্ন সিরিজে বেশ কয়েকজন খেলোয়াড়কে বাদ দেওয়া হবে এমন আভাস থেকে পিসিবির ভারপ্রাপ্ত সভাপতি নাজাম শেঠীর সঙ্গে লাহোরে দেখা করেছেন রাজ্জাক ও মালিক।
আলাপ শেষে রাজ্জাক সাংবাদিকদের জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে তাকে সুযোগ দেওয়ার ব্যাপারটি আশ্বস্ত করা হয়েছে। আর বোর্ড ও নির্বাচকদের কাছে নিজের ফর্ম ও ফিটনেসের কথা তুলে ধরেছেন মালিক।
সাবেক অধিনায়ক মালিক বললেন,‘আমি এমন কোনো খেলোয়াড় নই যে টেলিভিশনের সামনে বসে থাকবে এবং দলে জায়গা পেতে ওকালতি করবে। আমি পারফর্মে বিশ্বাস করি, বাকিটা নির্বাচকদের কাজ।’
পাকিস্তানের হয়ে আবারও খেলতে উদগ্রীব রাজ্জাক,‘আমি ক্রিকেটের সঙ্গে আছি। নিয়মিত অনুশীলন করছি। পাকিস্তান ক্রিকেটকে দেওয়ার মতো এখনও অনেক কিছু আছে আমার। নির্বাচকরা আমাদের ভালো একটা সুযোগ দিতে আশ্বস্ত করেছে। আমাকে অনুশীলনে আরও মনোযোগ দিতে বলেছে তারা।’
গত সেপ্টেম্বর থেকে জাতীয় নির্বাচকদের নজরে নেই রাজ্জাক। পিসিবির এক সূত্র জানিয়েছে, দলে জায়গা না পাওয়ার জন্য মোহাম্মদ হাফিজ ও মিসবাহ উল হককে দায়ী করেছেন এই অলরাউন্ডার। এর আগেও জনসম্মুখে দুই সতীর্থের কড়া সমালোচনা করেছিলেন রাজ্জাক। অধিনায়কের দায়িত্বে হাফিজের কর্মকা- নিয়ে সংবাদমাধ্যমে প্রশ্ন তোলায় জরিমানাও গুণতে হয়েছিল তাকে।