April 21, 2026
চট্টগ্রাম : রাউজানে এক প্রেমিক যুগল আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকার বাড়িপাড়া গ্রামের হাজী মকবুল আহমদ সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাউজান থানা পুলিশ প্রেমিক যুগলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আত্মহত্যাকারী প্রেমিক যুগলের নাম রমজান আলী (২০) ও সুখী আকতার (১৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দু’জনের বাড়ি নোয়াপাড়া ইউনিয়নে। তাদের পাশাপাশি ঘর। প্রেমিক রমজান সৌদি আরব প্রবাসী হাজী সালেহ আহমদ-এর ছেলে ও প্রেমিকা সুখী আকতার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিকিউরিটি গার্ড ইদ্রিসের কন্যা।
বৃহস্পতিবার রাত দুইটার দিকে সুখীর ঘরের পেছনের পুকুর পাড়ের একটি আমগাছের ডালে দুটি শাড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন তারা। তাদের কোমরেও একজন আরেকজনের সাথে কাপড় দিয়ে মোড়ানো ছিল।
স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশে দেয়। চিরকুটে লেখা আছে “এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সবার কাছে আমাদের অনুরোধ আমাদের দেহগুলো দয়া করে কাটতে দিবেন না। পাশাপাশি আমাদের কবর দিবেন। সবাই আমাদের ক্ষমা করে দিবেন। আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারব না, তাই পৃথিবী ছেড়ে চলে গেলাম। বেঁচে থাকতে তো আর কেউ আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। তাই এই পথ বেছে নিলাম।”
স্থানীয় লোকজন জানায়, নিহত রমজান নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ২য় বর্ষের ছাত্র আর সুখী নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
রাউজান থানার ওসি এনামুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। চিরকুটটি প্রেমিক রমজানের লেখা বলেই মনে হচ্ছে।