April 21, 2026
চাঁদপুর: বিরোধী দল বিএনপির ২৫ অক্টোবর পর্যন্ত দেওয়া সময়সীমার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘আমাদের মোকাবিলা করার কোনো প্রয়োজন নেই। তাঁদের এ ধরনের তথাকথিত যুদ্ধ করার মতো শক্তি আছে বলে আমরা মনে করি না।’ আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করুন। নৌকা মার্কায় ভোট দিয়ে বিএনপি-জামায়াতের মিথ্যাচারের জবাব দিন। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমির জাফর, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভুঁইয়া প্রমুখ।