April 21, 2026
ঢাকা: রাজধানীর পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ঢুকে সেখানকার দুই অফিস সহকারীকে মারধর করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের সময় বেলা একটা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। মারপিটের শিকার দুই অফিস সহকারী সোহেল রানা ও আল আমিন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুমার নামাজের সময় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের আশপাশে জামায়াত-শিবির যেন কোনো ধরনের মিছিল করতে না পারে, সে জন্য রাস্তার পাশে দাঁড়ানো লোকজনদের সরিয়ে দিতে থাকে পুলিশ। একপর্যায়ে পুলিশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে ঢুকে তাঁদের মারধর করতে থাকে। এর পরই ফটোসাংবাদিকেরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঘটনার প্রতিবাদ জানান।
পরিচয়পত্র দেখানোর পরও পুলিশি মারধর চলতে থাকে দাবি করে আহত সোহেল রানা বলেন, কার্যালয়ের বারান্দায় রাখা ফটোসাংবাদিকদের মোটরসাইকেলগুলো ভেতরে ঢোকাচ্ছিলেন তাঁরা। পরিচয়পত্র দেখানোর পরও জামায়াত-শিবিরের লোক বলে পুলিশ পেটানো শুরু করে। সোহেল জানান, এ সময় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরা মারধর করতে থাকেন।
মতিঝিল অঞ্চলের পুলিশের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান জানিয়েছেন, হকার উচ্ছেদের সময় ঘটনাটি ঘটেছে। ভুল বোঝাবুঝিতেই এমনটি হয়েছে। প্রথম আলো