April 20, 2026
সংসদ ভবন থেকে: বিরোধী দলের টানা অনুপস্থিতিতে নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের চতুর্থ কার্যদিবস শুরু হয়েছে। সোমবারের মতো মঙ্গলবারও নির্ধারিত সময়ের পরেই অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী ঢাকার বাইরে থাকায় সংসদ সদস্যরাও কিছুটা দেরিতেই সংসদে আসেন।
চলতি অধিবেশনের শুরু থেকেই সংসদে অনুপস্থিত প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দলীয় জোটের সংসদ সদস্যরা। বিরোধী দল গত বাজেট অধিবেশনের শুরু থেকে সংসদে থাকলেও চলতি অধিবেশনে এখনও যোগ দেয়নি।
মঙ্গলবার বিকেল ৫টা ১৭ মিনিটে কোরআন তেলাওয়াতের পর স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্য সূচি শুরু হয়। এর আগে সোমবার রাত ৮ টা ১৯ মিনিটে স্পিকার মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সংসদ মূলতবি ঘোষণা করেন।
শুরুতেই প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর।এর বাইরে মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহার ব্যবহারের সরঞ্জামাদি(বিপণন নিয়ন্ত্রণ, ইত্যাদি) বিল ২০১৩ পাস হয়।
প্রসঙ্গত, বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিলো ২০০৯ সালের ২৫ জানুয়ারি। এ হিসেবে সংসদের চলতি অধিবেশনেই নবম জাতীয় সংসদের শেষ অধিবেশন। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এ অধিবেশন চলবে। এই অধিবেশন এ বছরের চতুর্থ অধিবেশন। –বাংলানিউজ