May 27, 2026
ঢাকা: খুলনা মহানগরীতে ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। সংঘবদ্ধ ডাকাত চক্র রাতের আঁধারে বিভিন্ন বাড়িতে হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকটি ঘটনায় মামলা হলেও পুলিশ ডাকাত চক্রকে আটক বা লুট করা মালামাল উদ্ধার করতে পারেনি। নগরীতে সংঘটিত এসব ডাকাতির ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।
গত ১৫ দিনে কমপক্ষে ৫টি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে খুলনা সদর থানার খান জাহান আলী রোড, মুন্সিপাড়া, গগন বাবু রোড ও টিবি ক্রস রোড, সোনাডাঙ্গা থানার আরামবাগ এবং দৌলতপুর থানার পাবলা এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে।
প্রতিটি ডাকাতির ঘটনা প্রায় একই রকম। ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। একের পর এক ডাকাতির ঘটনায় নগরবাসী আতঙ্কিত।
এলাকাবাসী জানায়, এলাকায় অহরহ ডাকাতির ঘটনা ঘটছে । তাই তারা নিরাপত্তাহীনতায় ভুগছে ।
হঠাৎ করে নগরীতে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক নেতারাও । খুলনা নাগরিক ফোরামের চেয়ারপার্সন শেখ আব্দুল কাইয়ুম জানান, ডাকাতির ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখতে হবে । এক্ষেত্রে পুলিশের ভূমিকা আরো স্বচ্ছ হতে হবে ।
পুলিশ কর্মকর্তারা বলছেন, সংঘবদ্ধ চক্রটিকে আটক করা হলেও আইনের ফাঁদ গলে বেরিয়ে আবারও অপরাধের সাথে যুক্ত হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সফিকুর রহমান বলেন, আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি । সময়নিউজ..