পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বরিশালে ছাত্রী হত্যার ঘাতক রাসেল চট্টগ্রামে গ্রেফতার

Posted on September 12, 2013 | in সারা দেশ | by
1011848_586013438129272_707742840_n barisal...arrest.photo_2549_2549
বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাইদা আক্তার ওরফে সাওদার হত্যাকারী রাসেল মাতুব্বরকে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বন্দর থানাধীন কচি দিঘী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আতিকুর রহমান মিয়াগ্রেফতারের খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, এডিসি আতিকুর রহমান মিয়ার নেতৃত্বে বরিশাল থেকে পুলিশের একটি টিম গত তিনদিন পূর্বে রাসেলকে গ্রেফতারের জন্য ঢাকায় যান। সেখান থেকে রাসেলের অবস্থান গোয়েন্দা নজরদারিতে নিশ্চিত হওয়ার পর বিষয়টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) অবহিত করা হয়।
সিএমপি’র অধীনস্থ কোতয়ালী ও বন্দর থানা পুলিশের সহায়তায় রাসেলকে বৃহস্পতিবার বিকালে একটি দোকানে কৌশলে ডেকে আনা হয়। সেখান থেকে রাসেলকে গ্রেফতারের পর বন্দর থানায় নিয়ে যাওয়া হয়। রাতে গ্রেফতারকৃত রাসেলকে নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা জানিয়েছেন এডিসি আতিকুর রহমান মিয়া। রাসেলের গ্রেফতারের খবর বরিশাল বিশ্ববিদ্যালয়ে পৌঁছার পর আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর সকালে বরিশাল নগরীর ব্রাউ- কম্পাউন্ড এলাকায় প্রেমের সম্পর্কের অবনতি হওয়ায় প্রেমিক রাসেল মাতুব্বর ধারালো চাপাতি দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে মারাত্মক জখম করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান (একাউন্টিং) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাইদা আক্তার ওরফে সাওদাকে। একই দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাওদা মারা যায়।
নিহত ছাত্রী সাওদা বরগুনার পাথরঘাটা উপজেলায় হাতেমপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক আব্দুর রাজ্জাকের কন্যা। রাসেল মাতুব্বর একই উপজেলার কেরামতপুর গ্রামের হারুন মাতুব্বরের পুত্র ও একই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনার দিন রাতেই নিহত সাইদা আক্তার ওরফে সাওদার মা সাহিদা বেগম বাদি হয়ে রাসেল মাতুব্বরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ওইদিন রাতেই রাসেলের সহপাঠী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকার বাসিন্দা বিপুল বাড়ৈকে গ্রেফতার করে। তাকে হত্যা মামলায় আসামি দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। খুনের পর থেকে রাসেল পলাতক ছিলো। রাসেলের গ্রেফতারের দাবিতে সাওদা’র গ্রামের বাড়ি পাথরঘাটা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন নগরীতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করে আসছিলো।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud