May 7, 2026
ঢাকা: দেশের বিভন্নিস্থানে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে ও বাবা-ছেলেসহ ১৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৃথক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ২ পরিবারের ৪ জন, টাঙ্গাইলের ঘাটাইলে ২, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ২ ভাই, পাবনার সাঁথিয়ায় ২, শরীয়তপুরে ১, খাগড়াছড়ির পানছড়িতে ১ ও রাজধানীর মতিঝিলে ১ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা করেসপন্ডেন্ট আব্দুল বাতেন জানান, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার বসন্তপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে মা-ছেলে ও বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মা মরিয়ম বেগম (৫৫), ছেলে মহিউদ্দিন (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের কানসাট শহীদুল ইসলাম (৪০) ও তার ছেলে মেহেদী হাসান (০৭)। মরিয়ম বেগম রাজশাহীর আসাম কলোনী এলাকার আবুল কাসেমের স্ত্রী।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় প্রেমতলী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সুমন রায় দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন। টাঙ্গাইল করেসপন্ডেন্ট সুমন রায় জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর সোয়া ২টায় উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মধুপুর উপজেলার বউখোলা গ্রামের জয়নালের ছেলে রাতুল (১০) ও মোতালেব (৩৫)। হবিগঞ্জ করেসপন্ডেন্ট জিয়া উদ্দিন দুলাল জানান, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর-কামারগাঁও আঞ্চলিক সড়কের কামারগাঁও এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ওই উপজেলার কামারগাঁও এলাকার বিবিয়ানা গ্যাস ফিল্ডস্ এর নর্থ প্যাডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই সহোদর হলেন- বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের মৃত আব্দুল খালিকের বড় ছেলে রঙ্গু মিয়া (২৫) ও ছোট ছেলে হাফেজ লিংকন (২২)। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাবনা করেসপন্ডেন্ট আবুল কালাম আজাদ জানান, পাবনার সাঁথিয়া উপজেলার মহিষাখোলা এলাকায় শ্যালোইঞ্জিন চালিত নসিমন উল্টে চালকসহ ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এরপর বিক্ষুব্ধ জনগণ ঘণ্টাখানেক এই মহাসড়ক অবরোধ করে রাখে। নিহতরা হলেন- উপজেলার বরাট গ্রামের উজ্জ্বল হোসেন (৪৮) ও কাবারীকোলা গ্রামের নসিমন চালক হক আলী (৩২)।
আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শরীয়তপুর করেসপন্ডেন্ট শহীদুজ্জামান জানান, শরীয়তপুরে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মশিউর রহমান (২২) নামে এক যুবক নিহত ও তার ছোট ভাই বাবুল (২০) গুরুত্বর আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে শরীয়তপুর-ঢাকা সড়কের নশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত বাবুলকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মশিউর ও বাবুল নড়িয়া উপজেলার নশাসন গ্রামের আব্দুল কাদের খানের ছেলে। মশিউর শরীয়তপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
খাগড়াছড়ি করেসপন্ডেন্ট অপু দত্ত জানান, জেলার পানছড়ি উপজেলায় বাসের ছাদ থেকে পড়ে মহিন চাকমা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে পানছড়ি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিন চাকমা খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকার লক্ষীজয় চাকমার ছেলে। স্টাফ করেসপন্ডেন্ট (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) আবাদুজ্জামান শিমুল জানান: রাজধানীর মতিঝিলের আল হেলাল পুলিশ বক্স সংলগ্ন রাস্তায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম শিকদারের (৪৫) বাড়ি নরসিংদীর মনোহরদী থানায়। তিনি রাজধানীর মানিকনগরের মুগদা এলাকায় বসবাস করতেন। মতিঝিল থানার এসআই হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ….. বাংলানিউজ