March 13, 2026
ঢাকা: রাজধানীর হাজারীবাগে একটি বস্তিতে আগুনে অন্তত দুই হাজার ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে আগুন লাগে। র্যাগব পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, হাজারীবাগে বউবাজার বেড়িবাঁধের পাশে বালুরমাঠ বস্তিতে বৃহস্পতিবার রাত নয়টার দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি টিম ঘটনাস্থলে ছুটে যায়। পরে আগুন নেভানোর কাজে পুলিশ ও র্যা ব সদস্যরাও অংশ নেয়।
রাত ১০টায় হাজারীবাগ থানার পরিদর্শক মোহাম্মদ আলী নতুন বার্তা ডটকমকে বলেন, “কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। রাত পৌনে ১০টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে এসেছে। বস্তির অন্তত দুই হাজার ঘর পুড়ে গেছে। কেউ আহত হয়েছে কি না খুঁজে দেখা হচ্ছে।”
স্থানীয় ব্যবসায়ী জাফর আহমেদ বাপ্পি জানান, এ বস্তিতে প্রায় আট হাজার কাঁচাঘর আছে। এগুলো সব বেড়া দিয়ে তৈরি। এ কারণে অল্প সময়ে আগুন ছড়িয়ে পড়ে। কী কারণে আগুন লেগেছে তা তিনি জানেন না।