April 21, 2026
ঢাকা: বৃহস্পতিবার দশম জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত ৩৯২ কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ছয় জেলার ৮ সংসদীয় আসনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ছাড়াও প্রায় ১৪ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলাসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে গত ১১ জানুয়ারি এনইসি সম্মেলন কেন্দ্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। ইসির দেয়া তথ্য অনুযায়ী স্থগিত কেন্দ্রের ভোটার সংখ্যা ১০ লক্ষ ১০ হাজার ১২৮ জন। কেন্দ্র হিসাবে দিনাজপুর-৪ আসনের ৫৭টি কেন্দ্রে ১ লক্ষ ৩৪ হাজার ৯১৯ জন। কুড়িগ্রাম-৪ আসনের ২ কেন্দ্রে ৭ হাজার ২৫৭ জন। গাইবান্ধা-১ আসনে ৫৪ কেন্দ্রে ১ লক্ষ ৩৮ হাজার ১৩৩ জন। গাইবান্ধা-৩ আসনে ৮০টি কেন্দ্রে ২ লক্ষ ২৪ হাজার ৩০২ জন। গাইবান্ধা-৪ আসনে ৭২টি কেন্দ্রে ২ লক্ষ ৭৭ জন। বগুড়া-৭ আসনে ৪৬ কেন্দ্রে ১ লক্ষ ১৫ হাজার ৮৬৫জন। যশোর-৫ আসনে ৬০ কেন্দ্রে ১ লক্ষ ৩৯ হাজার ২৯৬ জন। লক্ষীপুর-১ আসনে ২১ কেন্দ্রে ৫০ হাজার ২৭৯ জন।
নির্বাচনে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে ৩০ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবে।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামীলীগ ২৩২ টি আসন, জাতীয় পার্টি পায় ৩৩টি, জাসদ ৫ পায়। নির্বাচনে জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন, বিএনএফ পায় একটি করে আসন। আর সতন্ত্র থেকে পায় ১৩টি আসন।