April 21, 2026
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ ছিল। এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে লেনদেন শুরু হয়। এরপর সূচক বৃদ্ধি অব্যাহত থাকে। ১০টা ৪০ মিনিটে সূচক ২০ পয়েন্ট, ১০টা ৪৫ মিনিটে সূচক ২৬ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে সূচক ২৫ পয়েন্ট, ১০টা ৫৫ মিনিটে সূচক প্রায় ২১ পয়েন্ট বৃদ্ধি পায়। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ৪ হাজার ৪৭৪ পয়েন্টে। অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১ হাজার ৫৭৪ পয়েন্টে। এ সময় পর্যন্ত ডিএসইতে ১৫৪টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বৃদ্ধি পেয়েছে ১৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ৭৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ১৫৪টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম। লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- অ্যাপোলো ইস্পাত, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, অ্যাপেক্স ডেল্টা ফুটওয়্যার, গোল্ডেন হার্ভেস্ট কেমিক্যাল, প্যারামাউন্ট টেক্সটাইল, কাসেম ড্রাইসেল, গোল্ডেন সন, আমরা টেকনোলজি এবং মালেক স্পিনিং।
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৩৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৮০৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১১ হাজার ৪১১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩ হাজার ৮৮৪ পয়েন্টে অবস্থান করে। এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে মোট ৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।