April 20, 2026
বিনােদন ডেস্ক: ২০০২ সালে সালমান খানের বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে পালানোর ঘটনায় মুম্বাই আদালত আজ রায় দিবেন। অভিনেতাকে আজ বুধবার সকাল ১১টা ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এই মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে সালমনের।
অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, ১৩ বছর আগে মদ্যপ অবস্থায় নিজের এসইউভি গাড়ি ফুটপাতে চড়িয়ে দিয়েছিলেন। সেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল। সালমানের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ রয়েছে। যদিও একাধিকবার এই মামলার মোড় বদল হয়েছে।
সালমানের গাড়ির চালক অশোক সিং ঘটনার পুরো দায় নিজের কাঁধে নিয়েছেন। ১২ বছর পর তার দাবি, সেদিন গাড়ি চালাচ্ছিলেন তিনিই।
এদিকে সেদিন সালমান মদ্যপ ছিলেন কি ছিলেন না তা নিয়েও বহু বিতর্ক দানা বেঁধেছিল।
১২ বছর ৭ মাস ধরে এই মামলার ঘাত প্রতিঘাতের মধ্যেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ সেই মামলার রায় দেয়া হবে। স্বভাবতই এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন, আদালতের রায় সালমান খান দোষী সাব্যস্ত হবেন কিনা। দোষী সাব্যস্ত হলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে তার। আর যদি ৩ বছরের বেশি সময়ের জন্য জেল হলে জামিন পাওয়ার কোনো অবকাশ নেই। আদালত থেকেই অভিনেতাকে গ্রেফতার করা হবে। সালমানের সাজা হলে ডুববে প্রায় ৩০০ কোটি টাকা।
তবে সাজা যদি ৩ বছরের কম হয়, সেক্ষেত্রে আদালতেই তৎক্ষণাৎ জামিন পেতে পারেন।
সূত্র : ওয়ান ইন্ডিয়া