April 18, 2026
তাহামিন আক্তার: এক সময় ঢালিউডে রোমান্টিক জুটির অভাব না থাকলেও এখন সেই অর্থে তেমন কোনো রোমান্টিক জুটি নেই। এক সময় শাকিব অপু রোমান্টিক জুটি হিসেবে পরিচিতি পেলেও এখন শাকিব খান অ্যাকশন ছবিতেই বেশি মানানসই। বাপ্পি মাহি জুটিও আর আগের মতো এক সঙ্গে কাজ করছেন না। ফলে রোমান্টিক জুটির এই আকালে পরিচালকরা ভাবতে শুরু করেছেন সাইমন ও পরী মনিকে নিয়ে। এরই ধারাবাহিকতায় একের পর এক ছবির প্রস্তাব আসছে সাইমন ও পরী মনির কাছে। তবে তারা ছবি নিচ্ছেন খুব বেছে বেছে। নজরুল ইসলাম খান পরিচালিত `রানা প্লাজা’ ছবি দিয়ে যাত্রা শুরু তাদের। ছবিটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও ছবিটির ওরাল মার্কেটিংয়ের কারণে সাইমন পরীকে নিয়ে সিনেমা নির্মাণে উৎসাহী হয়ে পড়ে পরিচালকরা। এরপর কাজ করেন অপুর্ব রানা পরিচালিত ‘পুড়ে যায় মন’ছবিতে। সম্প্রতি ‘নদীর বুকে চাঁদ’ ছবিসহ আরও একটি ছবিতে কাজ করছেন তারা।
এদিকে ৫ মে এই জুটি চুক্তিবদ্ধ হয়েছেন ওয়াকিল আহমেদ পরিচালিত ‘কতস্বপ্ন কত আশা’ ছবিতে। এই ছবিটিও রোমান্টিক ঘরানার। এ প্রসঙ্গে সাইমন বলেন, ‘পরী মনির সঙ্গে আমার প্রেমের রসায়ন পরিচালকরা পছন্দ করছেন বলেই আমরা কাজ করছি। অন্যান্য ছবির মতো এই ছবিটিও নির্মিত হচ্ছে অন্যরকম একটি প্রেমের গল্প নিয়ে। আশা করছি দর্শক আমাদেরকে ভালোভাবে গ্রহণ করবে।’