পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সমাধান না হলে মাঠে নামবে হেফাজত

Posted on December 20, 2013 | in জাতীয় | by

Hefajate_islam_logo_31304ঢাকা:  হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মওলানা নূর হোসাইন কাসেমী বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ আর দর্শকের ভূমিকা পালন করবে না। নির্বাচন নিয়ে যে সংকটের সৃষ্টি হয়েছে, রাজনৈতিক দলগুলো বসে তার সমাধান না করলে হেফাজতে ইসলাম মাঠে নামতে বাধ্য হবে। আজ দুপুরে রাজধানীর বারিধারায় জামে মাদানিয়া মাদ্রাসায় ২৪শে ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশের প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, যেকোনো মূল্যে মহাসমাবেশ সফল করা হবে। কাসেমী বলেন, জাতির ক্রান্তিলগ্নে জনগণের ভোটাধিকার নিয়ে যে ছিনিমিনি খেলা চলছে, হেফাজত তা আর দেখতে চায় না। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। অর্থনীতি আজ ধ্বংসের মুখে। এ অবস্থা আর চলতে পারে না। তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। এর ১৩ দফা দাবির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু এর অর্থ এই নয় যে দেশের স্বাধীনতা ও সংকটময় মুহূর্তে আমরা কোনো কথা বলতে পারব না। দেশের মানুষের জানমাল ও ইজ্জত-আব্রু রক্ষা করার বিষয়ে কথা বলা প্রত্যেক নাগরিকের জন্মগত অধিকার। দেশের রাজনৈতিক অঙ্গনে যে পরিস্থিতি বিরাজ করছে, তা কেউ মেনে নিতে পারে না। প্রতিটি নির্বাচনের আগেই দুর্ভাগ্যজনকভাবে একটা সংকটের সৃষ্টি হয় ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিনি দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকার একটি মীমাংসিত বিষয়। যারা এটাকে সংবিধান থেকে সরিয়ে দিয়েছে, তারা ঠিক করেনি। যারা এটাকে সংবিধানে পুনর্বহালের আন্দোলন করছে, তাদের দাবি অন্যায় নয়। তিনি রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসে সংকট সমাধানের আহ্বান জানান। অনুষ্ঠানে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব জুনায়েদ আল হাবিব, যুগ্ম সদস্যসচিব ফজলুল করিম, সাখাওয়াত হোসেন, সদস্য মনির হোসেন, অলিউল্লাহ আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud