May 7, 2026
ঢাকা: শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জি এল পেরেজ দুই দিনের সফরে বুধবার ঢাকায় এসেছেন। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকের সূত্রগুলো জানায়, কমনওয়েলথ ইস্যুতে দীপুমনির সঙ্গে আলোচনা করেছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ বর্তমানে ‘কমনওয়েলথ মিনিস্টারিয়াল অ্যাকশন গ্র“পের (সিম্যাগ) সভাপতি। কমনওয়েলথ জোটের সদস্যভুক্ত দেশগুলো সংস্থাটির নীতি-আদর্শ মেনে চলছে কিনা কিংবা তাদের সদস্য থাকা না থাকার বিষয়টি সিম্যাগ তদারকি করে। আগামী এপ্রিল মাসে সিম্যাগের বৈঠক হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, মানবাধিকার লংঘন, প্রধান বিচারপতিকে বরখাস্ত করাসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কমনওয়েলথের প্রভাবশালী দেশগুলো কঠোর অবস্থান নিয়েছে। কানাডা ও কমনওয়েলথের অন্য সদস্য দেশগুলো শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে বাংলাদেশকে অনুরোধ করছে। অন্যদিকে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী এসেছেন এ ব্যাপারে তার দেশের প্রতি বাংলাদেশের সমর্থন চাইতে।
ঢাকার সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, কমনওয়েলথ নিয়েই আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে। পাশাপাশি দ্বিপক্ষীয় ইস্যুগুলোও থাকছে।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, চলতি বছরই শ্রীলঙ্কায় কমনওয়েলথের শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। তবে দেশটির উপর কঠোর ব্যবস্থা হিসেবে তা যুক্তরাজ্যের লন্ডন বা মৌরিতানিয়ার পোর্ট লুইসে অনুষ্ঠানের ব্যাপারেও কয়েকটি দেশ প্রস্তাব দিয়েছে।