April 20, 2026
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের নেতা এনামুল হক শামীমকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ডের সাবেক উপাচার্য হান্নান ফিরোজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমানজানান, আজ বুধবার ভোররাতে ধানমন্ডির বাসা থেকে হান্নান ফিরোজকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আজ সকালে স্টামফোর্ডের সাবেক উপাচার্যকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ড চায়। শুনানি নিয়ে আদালত তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৯ জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম দুর্বৃত্তদের গুলিতে আহত হন। ধানমন্ডির ৯/এ সড়কে তিনি হামলার শিকার হন বলে তাঁর গাড়িচালক ও পুলিশ দাবি করেছিল।
শামীমের ব্যক্তিগত গাড়ির চালক ও ঘটনার প্রত্যক্ষদর্শী কামাল হোসেন ঘটনার দিন বলেছিলেন, ‘সকালে স্যারের ১০/এ সড়কের বাসা থেকে তাঁকে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে নিয়ে যাচ্ছিলাম। সকাল সাড়ে নয়টার দিকে ধানমন্ডির ৯/এ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে হেলমেটবিহীন তিনজন মোটরসাইকেল আরোহী স্যারের মাথা লক্ষ্য করে গুলি করে। দেখতে পেয়ে স্যার মাথা নামিয়ে ফেলেন। এ সময় গুলি এসে স্যারের হাতে লাগে। এরপর দুর্বৃত্তরা পলিয়ে যায়।’ র্যাব-পুলিশ ঘটনার তদন্তে নামে। শামীমকে গুলি করার অভিযোগে ৮ জুলাই চারজনকে গ্রেপ্তার করে র্যাব। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানিয়েছিল, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মালিকানা নিয়ে বিরোধের জেরে শামীমকে হত্যার চেষ্টা করা হয়।
…. প্রথম আলো