পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শক্তিশালী বিমান বাহিনী গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

Posted on May 27, 2015 | in জাতীয় | by

27-05-15-PM_New Training Planes for Air Force-10স্টাফ রিপোর্টার : আধুনিকায়নের মাধ্যমে কৌশলগত দিক থেকে বাংলাদেশ বিমান বাহিনীকে একটি শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর ঘাঁটি বাশার এ এক অনুষ্ঠানে তিনি এ প্রত্যয়ের কথা জানান। বাংলাদেশ বিমান বাহিনীতে এল-৪১০ পরিবহন প্রশিক্ষণ বিমান অন্তর্ভুক্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,আওয়ামী লীগ সরকার সবসময়ই বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের কল্যাণ ও এই বাহিনীর উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে। উন্নয়নের এ ধারা সবসময়ই অব্যাহত থাকবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা বিমান বাহিনীকে আরও আধুনিকায়নের মাধ্যমে কৌশলগত দিক থেকে একটি সুদৃঢ়, শক্তিশালী ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো বলেন তিনি।
নতুন বিমান সংযুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,উন্নয়নের ধারাবাহিকতায় আজ বিমান বাহিনী বহরে যুক্ত হতে যাচ্ছে ৩টি এল-৪১০ পরিবহন প্রশিক্ষণ বিমান। এর আগে পরিবহন বৈমানিকরা পিটি-৬ বিমানে উড্ডয়ন সম্পন্ন করে টি-৩৭ বিমানে উড্ডয়ন প্রশিক্ষণ গ্রহণ করতেন। এরপর পরিবহন বিমানে প্রশিক্ষণ নিতেন, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। এল-৪১০ অন্তর্ভুক্তির ফলে এ ব্যয় কমে যাবে।
পরিবহন বিমানের বৈমানিকরা বিশ্বের উন্নত দেশগুলোর বিমান বাহিনীর মতো পূর্ণাঙ্গ প্রশিক্ষণ নিতে পারবেন। অবতরণের ক্ষেত্রে এই বিমানে অধিক সুবিধা থাকায় অত্যন্ত দুর্গম অঞ্চলেও প্রাকৃতিক দুর্যোগকালে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে যোগ করেন শেখ হাসিনা।
এই বিমান অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা, টহল, আকাশপথে জরিপ ও প্যারা ট্রুপিং পরিচালনার পাশাপাশি বাহিনীর সার্বিক পরিবহন সামর্থ্যকে বিশ্বমানে পৌঁছে দিবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। ব?াহিনীর সদস্যদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, পরিশ্রম, পেশাগত দক্ষতা ও সততার কোনো বিকল্প নেই। তাই সর্বোচ্চ শৃঙ্খলা ও দেশপ্রেমের মন্ত্রে উদ্দীপ্ত হয়ে আপনাদের প্রশিক্ষণ ও অনুশীলনে মনোনিবেশ করতে হবে।
সমরে আপনারা হয়ে উঠুন আকাশ সীমার অতন্দ্র প্রহরী, আর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনগণের বন্ধু বলেন শেখ হাসিনা। দেশে-বিদেশে বিমান বাহিনী সদস্যদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সুপ্রশিক্ষিত, পেশাদার ও দেশপ্রেমে উদ্দীপ্ত সাহসী বৈমানিক হিসাবে বাংলাদেশ কিংবা আন্তর্জাতিক যেকোনো আকাশসীমায় আপনাদের সুদৃপ্ত বিচরণ আমাদের জাতিগত উৎকর্ষেরই পরিচয় বহন করে। এ সময় সশস্ত্র বাহিনীর উন্নয়নে নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, ফোর্সেস গোল-২০৩০ এর আওতায় সরকার সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের সরকার তিন বাহিনীর সদস্যদের পদমর্যাদা বৃদ্ধি করেছি। চাকরির সময় সীমা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে প্রয়োজনীয় জনবল, স্থাপনা, নতুন নতুন ইউনিটও।
‘এছাড়া চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক মিগ-২৯ যুদ্ধ বিমান, বড় পরিসরের সি-১৩০ পরিবহন বিমান এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন আকাশ প্রতিরক্ষা রাডার সংযোজন, হয়েছে অত্যাধুনিক এফ-৭বিজিআই যুদ্ধ বিমান, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র (সারফেস টু এয়ার মিসাইল) সংযোজন, এফ-৭ যুদ্ধ বিমানসহ সব ধরনের বিমান, রাডার ও অন্যান্য যন্ত্রপাতির সুষ্ঠু, নিরাপদ ও সাশ্রয়ী রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে,’ যোগ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার নির্মাণ, মেইনটেন্যান্স, রিপেয়ারিং অ্যান্ড ওভারহোলিং (এমআরও) প্ল্যান্টে এফ-৭ যুদ্ধ বিমানের ওভারহোলিং কার্যক্রম শুরু, এমআই সিরিজ হেলিকপ্টার ওভারহোলিং এর জন্য এমআরও ইউনিটের নির্মাণ, কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি স্থাপন, সমুদ্র সীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের আকাশ সীমা সার্বক্ষণিক পর্যবেক্ষণে কক্সবাজারে একটি নতুন এয়ার ডিফেন্স রাডার স্থাপন, বিমান ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরেও উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার প্রতিস্থাপন করা হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির জন্য পিটি-৬ প্রাইমারি প্রশিক্ষণ বিমান এবং কে-৮ডব্লিউ জেট প্রশিক্ষণ বিমান ক্রয়, রাশিয়া থেকে ৩টি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার ক্রয়সহ বিভিন্ন সময় সরকারের নেওয়া উন্নয়ন চিত্র তুলে ধরেন শেখ হাসিনা।
এর আগে সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাশার বিমান ঘাঁটিতে পৌঁছালে বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী এবং ঘাঁটি অধিনায়ক তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন দেশের কূটনীতিক, সেনা ও নৌ-বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud