পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দালালদের দাসত্ব থেকে ফিরে জানালেন তার জেল জীবনের কষ্টের কথা

Posted on May 27, 2015 | in সারা দেশ | by

Coxs-04কক্সবাজার প্রতিনিধি : দীর্ঘ এক বছরের বেশী সময় মালয়েশিয়ায় কারাবন্দী জীবন কাটাবার পর দেশে ফেরেন কক্সবাজারের উখিয়া উপজেলার তেলখোলা গ্রামের চৈপুছিং চাকমা। রোজগারের আশায় শিক্ষকতা ছেড়ে সাগরপথে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন তিনি।
এক বছরেরও বেশী সময় সাগরে, সাগর উপকূলে, মালয়েশিয়ায় পুলিশী হাজত ও জেলবাসের পর দেশে ফিরেছেন তিনি। কিন্তু দেশে ফেরার সাত মাসের মাথায় তার ১৭ বছরের ছেলে স্নেহ কুমার চাকমা পাচার চক্রের অপহরণের শিকার হয়ে এখন থাইল্যান্ডের নৌ-বাহিনীর বন্দীশালায় মানবেতর দিন কাটাচ্ছে। ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর উখিয়ার মনখালী এলাকায় সাগরে চিংড়ি মাছের পোনা ধরতে গিয়েছিলেন স্নেহ কুমার চাকমা। পাচার চক্রের সদস্যরা সাগর উপকূল থেকে স্নেহ কুমার চাকমাসহ আরও পাঁচজনকে মাছ ধরার ছোট নৌকায় জোর করে তোলে। সেখান থেকে তাদের তুলে দেওয়া হয় জাহাজে।
চৈপুছিং চাকমা মঙ্গলবার দুপুরে নিজগ্রাম উখিয়ার তেলখোলায় তার ও ছেলের সাগরের দুর্বিষহ জীবনের কথা জানালেন। জানালেন তার জেল জীবনের কষ্টের কথা।
কক্সবাজার থেকে উখিয়া উপজেলা শহর। সেখান থেকে পাহাড় টিলায় ঘেরা কাঁচাপাকা দুর্গম রাস্তা পাড়ি দিয়ে তেলখোলা গ্রাম। পাঁচ ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসার চৈপুছিংয়ের। স্নেহ কুমার তার চতুর্থ ছেলে।
স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন চৈপুছিং চাকমা। সংসারে একটু অভাব-অনটন থাকলেও ভালই কাটছিল তার দিন। স্থানীয় রোহিঙ্গা দালাল শফিউল আলম তাকে বার বার প্রলোভন দেখাচ্ছিল মালয়েশিয়ায় উন্নত জীবনের— ‘কী করবে তুমি এখানে? শিক্ষিত মানুষ। শিক্ষকতা করে কয় টাকা পাও। মালয়েশিয়ায় ভাল চাকরীর খবর আছে। তুমি ওখানে যাও। মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। টাকা বেশী লাগবে না। জাহাজে করে যাবে-মালয়েশিয়ায় পৌঁছলেই চাকরী।’
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ামুখী হতে চাননি মাস্টার চৈপুছিং। কিন্তু, দালালের নানা প্রলোভন ও লোভে পড়ে ২০১২ সালের শেষের দিকে অন্যদের সাথে তিনিও সাগরে অনিশ্চিত যাত্রায় শরিক হন।
চৈপুছিং চাকমা জানালেন, তাকেসহ শতাধিক বাংলাদেশী ও মিয়ানমারের নাগরিককে নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওয়ানা দেয় দালাল চক্রের ফিশিং বোট (মাছ ধরার নৌকা)। সপ্তাহ খানেক পর ভারতের আন্দামান উপকূলে পুলিশের হাতে আটক হয় ফিশিং বোট। সেখানে ছয়দিন আটক থাকার পর আবারও তাদের নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে সাগরে ভাসতে থাকে ফিশিং বোট।
কিন্তু, মালয়েশিয়ার উপকূলে গিয়ে কোস্টগার্ডের হাতে আবারও ধরা পড়ে চৈপুছিংদের বহনকারী ফিশিং বোটটি।
চৈপুছিং তার সাগরে ভাসা ও মালয়েশিয়ায় হাজত ও জেল জীবনের কষ্টগাথা তুলে ধরে বলেন, ‘মালয়েশিয়া কোস্টগার্ডের হাতে বন্দী হওয়ার পর দালাল চক্রের সদস্যরা তাদের সবাইকে মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় দিতে বলে। তারা বলে রোহিঙ্গা পরিচয় দিলে আর কোনো সমস্যা হবে না। আমরা সবাই নিজেদের রোহিঙ্গা পরিচয় দিলাম। কিন্তু, কাজ হল না। যারা বাংলাদেশী তাদের ঠিকই কথা-বার্তায়, চাল-চলনে ধরে ফেলল মালয় প্রশাসন।’
তিনি বলেন, ‘মালয়েশিয়ার আলাস্তা ক্যাম্পে ১৪ দিন হাজত থাকার পর এক বছর এক মাস করে জেল হল শতাধিক মানুষের। যাদের মধ্যে বাংলাদেশীই বেশী। কুয়ালামপুরের চুমুনি জেলখানায় জেল খেটে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফিরে আসেন গত বছরের ফেব্রুয়ারিতে। তাদের সঙ্গে আরও ১০ জন বাংলাদেশীও দেশে আসতে পারেন। তবে বিমানের টিকিটের টাকা তাদেরই দিতে হয়েছে।’ বাকীরা এখনও সেখানেই রয়েছে বলে জানান তিনি।
মানসিকভাবে শক্ত চৈপুছিং চাকমা সমুদ্রে ও মালয়েশিয়ার হাজত ও জেল জীবনের কথা শুনানোর সময় বললেন, ‘সাগরে খেয়ে না খেয়ে কত দিন যে কাটালাম, কীভাবে যে সাগর পাড়ি দিলাম। এ সব মনে হলে গা শিউরে ওঠে। এরপর তো শারীরিক ও মানসিক নির্যাতন তো আছেই।’
চৈপুছিং চাকমা বলেন, ‘শিক্ষকতা ছেড়ে দালালদের খপ্পরে পড়ে মালয়েশিয়ায় গিয়েছিলাম। লাখ লাখ টাকা ইনকামের পরিবর্তে জেল খেটে দেশে আসলাম। আমি কখনও চাইনি আমার পরিবারের কেউ দালালদের খপ্পরে পড়ে সাগরে ভাসুক। কিন্তু, ভাগ্যের কী নির্মম পরিহাস। আমি দেশে আসলাম ফেব্রুয়ারিতে। আর আমার ছেলে স্নেহ কুমার চাকমাকে ৫ সেপ্টেম্বর অপহরণ করে নিয়ে সাগরে ভাসিয়ে দিল দালালরা।’
তিনি বলেন, ‘আমার ছেলের কাছে মোবাইল ছিল। জাহাজে ওঠার পর সে আমাকে ফোন দিয়ে শুধু বলে, বাবা আমারে দালালরা জোর করে মালয়েশিয়ার জাহাজে তুলে দিয়েছে। আমাদের বাঁচাও— আমাদের মালয়েশিয়ায় নিয়ে যাচ্ছে। এরপর থেকে আর কথা হয়নি স্নেহ কুমারের সঙ্গে।’
তিনি বলেন, “দুই মাস পর আমাকে ফোন দেয় সে। এ সময় কান্নার শব্দ আসছিল অনেক মানুষের। সঙ্গে আমার ছেলের কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। দালালরা মুক্তিপণের জন্য তাদের মারধর করছিল। আমার ছেলে বলে বাবা থাইল্যান্ডের জঙ্গলে বন্দী আছি। আমাদের বাঁচাও। এরপর এক দালাল ওপ্রান্ত থেকে বলে, ‘টাকা পাঠাও তোমাদের ছেলেদের মালয়েশিয়ায় পাঠিয়ে কাজ ধরিয়ে দেব। নইলে এখানেই শেষ।’”
চৈপুছিং চাকমা বলেন, ‘এরপর দালালদের ঠিকানা মতো বিকাশে এক লাখ ৬৫ হাজার টাকা পাঠিয়ে দেই। আমার মতো আরও কয়েকজন একই পরিমাণ টাকা পাঠায়। কিন্তু, এরপর থেকে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তাদের সঙ্গে। দীর্ঘদিন পর গত ১৪-১৫ দিন আগে স্নেহ কুমার আবার ফোন দেয়। বলে তারা এখন থাইল্যান্ড নৌ-বাহিনীর বন্দীশালায়।’
কীভাবে জঙ্গল থেকে সেখানে তারা গেল জানতে চাইলে তিনি বলেন, ‘থাইল্যান্ডে সাম্প্রতিক সময়ে যখন গণকবর আবিষ্কৃত হচ্ছিল-অপহরণকারীরা ভয়ে তাদের জঙ্গল থেকে তাদের ছোট নৌকায় তুলে সাগরে ভাসিয়ে দেয়। এরপর থাই নৌবাহিনীর হাতে আটক হন তারা।
এদিকে মঙ্গলবার বিকেলে এই প্রতিবেদকের সামনেই থাইল্যান্ডে নৌ-বাহিনীর বন্দীশালায় থাকা স্নেহ কুমার চাকমার সঙ্গে মোবাইলে কথা বলেন তার বাবা চৈপুছিং চাকমা।
এ সময় স্নেহ কুমার চাকমা বার বার তার বাবাকে বলছিলেন, বড়ই কষ্টে আছি। আমাদের বাঁচাও বাবা। আমাদের দেশে নিয়ে যাও। অনেক কষ্ট করছি। ঠিকমত খেতে পায় না। শরীর খারাপ হয়ে গেছে। সাংবাদিকরা তার বাবার সঙ্গে রয়েছেন জেনে স্নেহ কুমার কক্সবাজারের প্রতিনিধির সঙ্গেও কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘দাদা আপনারা আমাদের বাঁচান। আমাদের দেশে নেওয়ার ব্যবস্থা করেন। আমরা যে আর সহ্য করতে পারছি না।’
চৈপুছিং চাকমা এ সময় বলেন, ওর (ছেলে) জন্য আমাদের কত টেনশন। ওর মা কাঁদতে কাঁদতে শরীর খারাপ করে ফেলেছে। আমি তো জানি কত কষ্টরে বাবা। খাওয়া নাই, দাওয়া নাই। কী যে নির্যাতন। ভাই আপনারা সাংবাদিক মানুষ একটা ব্যবস্থা করেন না। সরকারকে একটু বলেন। ও তো ইচ্ছে করে যায়নি। অপহরণ করে নিয়ে গেছে দালালরা।
যে দালালকে বিকাশে টাকা দিয়েছেন সে নম্বর ও নাম জানতে চাইলে তিনি বলেন, ‘নাম মনে নেই। আমরা তো ছেলেকে পাওয়ার জন্যে টাকা দিয়েছি। ও সব তখন খেয়াল থাকেনি।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud