May 7, 2026
স্পোর্টস ডেস্ক: ইউরোপ সেরার লড়াইয়ে ফুটবলবিশ্ব টানটান উত্তেজনার ম্যাচ প্রত্যাশা করেছিল বুধবার। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কতটুকু নিজেকে প্রমাণ রাখতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো তাও দেখার বিষয় ছিল। এই পর্তুগিজ তারকার গোলেই শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়তে পেরেছে।
শেষ ষোলোর প্রথম লেগে বার্নাব্যুতে উড়ে গিয়েছিল ইংল্যান্ড শীর্ষ ক্লাব ম্যানইউ। কোচ অ্যালেক্স ফার্গুসন জানিয়েছিলেন, যাই ঘটুক না কেন গোলশূন্য ম্যাচ দেখবে না ভক্তরা। ফার্গি তাঁর কথা রেখেছেন। ২০ মিনিটে দানি ওয়েলব্যাকের গোলে স্বাগতিক দর্শকদের হতাশ করে ম্যানইউ।
মেসুত ওজিল ও ফ্যাবিও কোয়েন্ত্রাও দুর্দান্ত দুটি শট খেললেও ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডে গিয়াকে ফাঁকি দিতে পারেনি। ৪০ মিটার দূর থেকে রোনালদোর একটি ফ্রি কিকও রুখে দেন গিয়া।
সাবেক ক্লাবের বিপক্ষে উচ্ছ্বসিত পারফরমেন্সই করলেন রোনালদো। ৩০ মিনিটেই নিজের পরিণত পারফরমেন্স দেখান ফার্গিকে। দারুণ এক হেডে রিয়ালকে সমতায় ফেরান পর্তুগিজ তারকা। ওল্ড ট্রাফোর্ডে কাটানো সময়কে স্বীকৃতি দিতেই কি না গোল উচ্ছ্বাসও প্রকাশ করলেন না রোনালদো।
দ্বিতীয়ার্ধে ইংলিশ লিগের সর্বোচ্চ গোলদাতা রবিন ফন পার্সি দলের জয়ে সুবর্ণ সুযোগ পেয়েও ব্যর্থ হন।
সমানে সমান লড়াইয়ে শেষ হয়েছে ম্যাচটি। তবে অ্যাওয়ে গোলের সুবাদে প্রথম লেগে এগিয়ে গেল ফার্গুসন শিষ্যরা। ওল্ড ট্রাফোর্ডে ৫ মার্চ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে দ্বিতীয় লেগে তাদের মোকাবিলা করবে স্প্যানিশ জায়ান্টরা।