May 29, 2026
ঢাকা: দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও নির্বাহী সদস্য বেলাল আহমেদকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে কাগজপত্র, ল্যাপটপ ও কম্পিউটারের হার্ডডিস্ক জব্দসহ বিএনপি চেয়ারপারসনের কক্ষের তালা ভেঙে তল্লাশি চালায় ডিবি সদস্যরা। শনিবার ভোর সোয়া ৪টায় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপি নেতাদের আটক করা হয়।
নয়াপল্টনে কার্যালয়ের স্টাফ আরিফুর রহমান তুষার জানান, ভোর সোয়া চারটার দিকে কয়েকজন সাদা পোশাকধারী ব্যক্তি তাদেকে ঘুম থেকে ডেকে তোলে। এরপর বিএনপির যুগ্ম মহাসচিব ও বেলালকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যায়।
আরিফ জানান, ডিবি সদস্যরা কার্যালয়ের প্রধান গেইট দিয়ে না ঢুকে দ্বিতীয় তলার বিকল্প কোনো পথে কার্যালয়ে প্রবেশ করে। কার্যালয়ে প্রবেশ করে ডিবি সদস্যরা মহাসচিবের কক্ষ ও রুহুল কবির রিজভীর কক্ষে ঢুকে আলমারি, চেয়ার-টেবিল ভাঙচুর করে। এছাড়া মহাসচিব ও রিজভীর কক্ষের ল্যাপটপ, কম্পিউটারের হার্ডডিস্ক ও কাগজপত্র জব্দ করে বলেও জানান তিনি। রিজভী আহমেদকে আটকের সময় বিএনপি কার্যালয়ে দায়িত্বরত পুলিশ বাহিনীর সদস্যদের আটক অভিযানের বাহিরে রেখেই তাকে আটক করা হয় বলেও জানা গেছে।
শনিবার ভোরে বিএনপি কার্যালয় ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি রুমের ওলটপালট আসবাব পত্র, ছড়ানো ছিটানো বই ও কাগজপত্র, রিজভী আহমেদের ব্যবহৃত কাপড় ও বিছানাও যত্র তত্র পড়ে আছে। সকাল থেকে তেমন কোনো নেতাকেও এখানে আসতে দেখা যায়নি। এসময়, রিজভী আহমেদের আটকের ছবি তুলতে গেলে উপস্থিত কয়েকজন সাংবাদিকের ওপরও হামলা করে ডিবি পুলিশ সদস্যরা। আহত হন কয়েকজন সাংবাদিক।
এছাড়াও ডিবি পুলিশ সদস্যরা টিভি চ্যানেল সময় টেলিভশন ও একাত্তর টিভি চ্যানেলের ক্যামেরা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে, আটকের পর রিজভী ও বেলালকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েই একতরফা তফসিল ঘোষণা, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে শনিবার ভোর ৬টা থেকে টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির ঘোষণা দেন রিজভী।