April 21, 2026
ঢাকা: কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে মগবাজারে জামায়াত-শিবিরের মিছিল থেকে একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে মগবাজার আগোরার সামনে থেকে একটি মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। এসময় তারা একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়। গাড়ি ভাঙচুরেরও চেষ্টা করে তারা। কিন্তু পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুঁড়লে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
এদিকে যাত্রাবাড়ীর কাজলায় ভাঙা প্রেসের কাছে জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল করে ৫ থেকে ৭টি গাড়ি ভাঙচুর করেছে। এসময় পরপর ৫ থেকে ৭টি ককটেল বিস্ফোরিত হয়। আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে যাত্রাবাড়ী থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ধরনের কোনো ঘটনা তার জানা নেই।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে ৪০ থেকে ৫০ জনের একটি মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।