April 24, 2026
ঢাকা: বহুল আলোচিত রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় ঘোষণা এক সপ্তাহ পিছিয়ে আগামি ২৩ জুন দিন ধার্য করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ দিন ধার্য করেন। আজ এ মামলার রায় ঘোষণার পূর্বনির্ধারিত তারিখ ছিল। এ মামলার নয় আসামিকে সকাল সোয়া ১০টার দিকে আদালতে নেয়া হয়। জেলহাজত থেকে আদালতে নেয়া আসামিরা হলেন- মাওলানা আকবর হোসেন, মুফতি আব্দুল হান্নান, আরিফ হোসেন সুমন, শাহাদাত উল্লাহ জুয়েল, মাওলানা সাব্বির, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা আব্দুর রউফ, মাওলানা ইয়াহিয়া ও মাওলানা আবু তাহের। এ ছাড়া মামলার অপর পাঁচ আসামি হাফেজ মাওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম, মো. আ. হাই, মুফতি শফিকুর রহমান ও মাওলানা আবু বকর পলাতক রয়েছেন। মামলায় মোট আসামি ১৪ জন। গত ২৮ মে মামলার অধিকতর যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন। এর আগে গত বছরের ১০ নভেম্বর আসামিরা আত্মপক্ষ সমর্থন করে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় সাক্ষ্য দেন। এ সময় সব আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। গত বছরের ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটির ৮৪ সাক্ষীর মধ্যে ৬১ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ২০০৮ সালের ২৯ নভেম্বর হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল (বাংলা ১৪০৮ সালের ১ বৈশাখ) ছায়ানটের বর্ষবরণ উৎসবে বোমা হামলা চালানো হয়। এ হামলায় ১০ জন নিহত হন। বোমা হামলার ওই ঘটনায় ওই দিনই বাবুপুরা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র বাদি হয়ে রমনা থানায় মামলা করেন।