May 9, 2026
নিউজ ডেস্ক: মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সদস্যদের ফিরিয়ে নেয়ার যে ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ তা মানবেন না মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতসহ মন্ত্রিসভার সদস্যরা। উল্টো এ বিষয়ে রওশনের বক্তব্য দেয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনি বলেছেন, এ ব্যাপারে রওশনের কথা বলার এখতিয়ারই নেই। সোমবার দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদ মন্ত্রিসভার সদস্যদের ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিলেন। এতোদিন একই বক্তব্য দিচ্ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। কিন্তু তখন এর বিরোধিতা করে আসছিলেন রওশন এরশাদ। সোমবার যখন তিনিই একই বিষয়ে কথা বললেন তখন সবাই বিস্মিত হলেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এরশাদ বলেন, ‘সি হ্যাজ নো রাইট টু টক অ্যাবাউট দিস। এমনকি তিনি যে সংবাদ সম্মেলনটি করেছেন, সেটা জানিয়ে করেননি। এ ব্যাপারে তিনি অনুমতি নেননি। পার্টির কেউ এ বিষয়ে কিছু জানে না। তার এটা করা ঠিক হয়নি।’ এরশাদ বলেন, ‘মন্ত্রিরা পদত্যাগ করবেন কি করবেন না- এ বিষয়ে প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত হবে। এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এটা একান্তই রওশনের ব্যক্তিগত অভিমত।
বিষয়টি সম্পর্কে মন্ত্রিসভার সদস্য জাতীয় পার্টি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসলে আমরা কেউই তার সিদ্ধান্তের সঙ্গে একমত নই। আমাদের আগে বুঝতে হবে, আমরা মন্ত্রিসভা থেকে চলে গেলে পার্টির কতোটা মঙ্গল হবে। মন্ত্রিসভা থেকে সরে গিয়ে বিএনপির রাজনীতিকে স্টাবলিস্ট করা ছাড়া আর কোন উপকার আমরা দেখছি না। বিএনপিকে ক্ষমতায় নিতে আমরা কাজ করবো কি-না তা ভেবে দেখতে হবে।
জাতীয় পার্টির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ক্ষমতার ভাগাভাগি নিয়েই এখন দলের মধ্যে বিরোধ চলছে। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এইচএম এরশাদ মন্ত্রীর পদমর্যাদা ভোগ করছেন। প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ মন্ত্রী অপর দু’প্রেসিডিয়াম সদস্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ সৌদি আরবে রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন। সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন তাজুল ইসলাম। রওশন এরশাদ নিজের কর্তৃত্ব বজায় রাখতে অপর সবাইকে প্রোটেকলের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিরোধী দলের নেতা হিসেবে একমাত্র তিনিই মন্ত্রীর পদমর্যাদা ভোগ করবেন । আর এ কারনেই বিরোধী দলের ধুয়া তুলছেন। সুত্র….আমাদের সময়.কম