April 25, 2026
যশোর: যশোরের লাউজানি এলাকায় অভিযান চালিয়ে হুন্ডির এক কোটি ১৬ লাখ টাকা উদ্ধার করেছে টাস্কফোর্স। এসময় দু’টি প্রাইভেটকারসহ তিন পাচারকারীকেও আটক করা হয়েছে। রোববার দুপুর পৌনে ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ওই এলাকায় অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের নাম জানা যায়নি। যশোর ২৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান জানান, বিজিবির মেজর আনিসের নেতৃত্বে টাস্কফোর্সের একটি দল ওই মহাসড়কের লাউজানি এলাকায় অভিযান চালায়। এসময় দু’টি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এক কোটি ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছিল। টাকা পাচারের চেষ্টার অভিযোগে এসময় তিনজনকে আটক করা হয়েছে। এ কাজে ব্যবহৃত গাড়ি দু’টিও জব্দ করা হয়েছে।