April 16, 2026
এল আর বাদল : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বে পরিবর্তন আনেনি বিসিবি। পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে অধিনায়কত্ব করবেন মুশফিকুর রহিম আর ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক থাকছেন মাশরাফি বিন মোর্তুজা। তার ডেপুটি হচ্ছেন সাকিব আল হাসান। আর মুশফিকের ডেপুটি হলেন তামিম ইকবাল।

রোববার বিসিবির সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ‘স্লো ওভার রেট’-এর শাস্তি হিসাবে মাশরাফিকে ওয়ানডেতে এক ম্যাচ নিষিদ্ধ করায় পাকিস্তানের বিপক্ষে ১৭ এপ্রিল প্রথম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।’
১৯ এপ্রিল দ্বিতীয় আর ২২ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাশরাফিই অধিনায়ক থাকছেন। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সিরিজগুলোয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশ সফরের জন্য ইতোমধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে তিন সংস্করণে বাংলাদেশ দল এখনও ঘোষণা করা হয়নি।