April 16, 2026
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড মুন্সীগঞ্জে একটি উৎসবমুখর র্যালির মাধ্যমে তাদের থ্রিজি সেবা চালু করেছে। সাউথ ওয়েস্ট জোনের জোনাল বিজনেস ম্যানেজার এএইচএম কামরুজ্জামান, জোনাল সেলস ম্যানেজার মোঃ সালেহিন, টেরিটরি ম্যানেজার মোঃ আরিফুল আলম এবং এয়ারটেলের অন্যান্য কর্মকর্তারা থ্রিজি সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের গ্রাহকদের সর্বোচ্চমানের সেবা দানের জন্য এয়ারটেল সর্বদা সচেষ্ট। এয়ারটেল সারাদেশে নিরলসভাবে তাদের থ্রিজি নেটওয়ার্ক বিস্তার করছে। মুন্সীগঞ্জে থ্রিজি সেবার উদ্বোধন দেশের আনাচে কানাচে এয়ারটেলের উৎকৃষ্ট নেটওয়ার্ক বিস্তারের প্রতিশ্রুতির প্রতিফলন। এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ইতোমধ্যেই বাংলাদেশের প্রধান প্রধান শহরগুলোতে তাদের থ্রিজি কভারেজ বিস্তৃত করেছে। এর মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বগুড়া, খুলনা, রাজশাহী, কক্সবাজার, রংপুর, বরিশাল, চাঁদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, কিশোরগঞ্জ এবং মুন্সীগঞ্জও এখন এই তালিকায় যুক্ত হল। এর মাধ্যমে মুন্সীগঞ্জ সারাবিশ্বের সাথে সংযুক্ত হল।
এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর এবং চীফ এক্সিকিউটিভ অফিসার পিডি শর্মা তার বক্তব্যে বলেন, “আমরা দ্রুতগতিতে সারাদেশে আমাদের থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করছি। আমরা বিশ্বাস করি মুন্সীগঞ্জের জনগণ আমাদের সবচেয়ে ভালো শ্রেণীর থ্রিজি সেবা থেকে উপকৃত হবেন এবং এখানে থ্রিজি সেবার উদ্বোধন জেলার অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।”