May 29, 2026
ঢাকা: অবরোধের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে আদালত তার জামিন নামঞ্জুর করে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গ্রেপ্তার হওয়ার পর প্রায় ১৮ ঘণ্টা পর শুক্রবার বিকেলে মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলামের আদালতে হাজির করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাছিরকে। সহিংসতার মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিতে ঢাকা যাওয়ার পথে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে নগর পুলিশ। তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়নি।
এর আগে দুপুরের দিকে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, ‘শুক্রবার আদালত বন্ধ থাকায় মীর নাছিরকে বিশেষ কোর্টে জুমার নামাজের পর হাজির করা হবে। পরবর্তী শুনানিতে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে। আজকে শুধু তাকে আদালতে চালান করা হবে।’ আদালত সূত্র জানায়, গত বুধবার কাজীর দেউড়ির মোড়ে সিএনজিতে আগুন দেয়ার ঘটনায় কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় মীর নাছিরকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তাকে বুধবার অবরোধের সময় নগরীর চট্টেশ্বরী রোডে সিএনজি অটোরিক্সায় আগুন দিয়ে যাত্রীকে অগ্নিদগ্ধ করার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।