May 29, 2026
ঢাকা: ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের ২০১২-১৩ আসরের প্রথমবারের মতো শিরোপা জিতল গাজী ট্যাংক ক্রিকেটার্স। শুক্রবার তারা প্রাইম দোলেশ্বরকে ৬০ রানে হারিয়ে প্রথম বারের মতো শিরোপার স্বাদ নেয় গাজী ট্যাংক ক্রিকেটার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে গাজী ট্যাংক ৭ উইকেট হারিয়ে ২৯৫ রান সংগ্রহ করে। জবাবে প্রাইম দোলেশ্বর সব উইকেট হারিয়ে ২৩৬ রানে গুটিয়ে যায়। গাজী ট্যাংকের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন ইয়ান মরগান। এছাড়া অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৫১ রান করেন। ইনিংসের শুরু থেকেই ধীর গতিতে এগুতে থাকে গাজী ট্যাংক। ২০ ওভারে ৭১ রান সংগ্রহ করে তারা। দলীয় ৬০ রানে প্রথম উইকেট তুলে নেয় প্র্ইাম। স্পিনার তাইজুল ইসলামের বলে ৩৬ রানে সাজঘরে ফিরেন রিয়াজুল ইসলাম। ৬৮ বলে ইমরুল কায়েস ৪০ রানে বিদায় নেন দলীয় ৮৬ রানে। ধারাবাহিক পারফর্ম করা রকিবুল (২৭) দলীয় ১২০ রানে ফিরেন।
এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় মাহমুদুল্লাহ ও ইয়ান মরগান। ১০১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। অধিনায়ক মাহমুদুল্লাহ ৪৩ বলে ৫১ রানের ইনিংসটি থামান সোহাগ গাজী। এরপর ক্রিজে এসে টর্নেডো ইনিংস খেলেন রায়ান টেন ডয়েসকাট। ১৮ বলে ২ চার ও ২ ছয়ে ৩৫ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক ইয়ান মরগান ৭১ বলে ৯ চার ও ২ ছয়ে ৮৪ রান করে তাইজুল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হন। ২৯৬ রান তাড়া করতে নেমে ৯৫ রান তুলতেই ৬ উইকেট হারায় প্রাইম দোলেশ্বর। এরপর ম্যাচে নাটকীয় পরিবর্তন নিয়ে আসেন মুমিনুল হক ও ফরহাদ রেজা।
৭৫ রানের ঝড়ো এক জুটি গড়ে মাহমুদুল্লাহর মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায় মুমিনুল ও রেজা। অবশ্য দায়িত্বটা নিজের কাঁধেই নিয়ে নেন তিনি। শতকের পথে এগুতে থাকা মুমিনুল হককে সরাসরি বোল্ড করে ৮৬ রানে প্যাভিলিয়নের পথ দেখান জাতীয় দলের সহ-অধিনায়ক রিয়াদ। এরপর আর কোমড় সোজা করে দাঁড়াতে পারেনি দোলেশ্বর। ২৩৫ রান তুলতেই অবশিষ্ট ৪ উইকেট হারিয়ে ৬০ রানে হেরে যায় তারা। তবে অধিনায়ক ফরহাদ রেজা শেষ প্রান্তে ৭৯ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন।
গাজী ট্যাংকের হয়ে ৪টি উইকেট নেন আজহার জিয়াদি। এছাড়া নাঈম ইসলাম জুনিয়র ৩টি ও রুবেল হোসেন ২ উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন গাজী ট্যাংকের ইয়ান মরগান।