April 21, 2026
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হকের আইনজীবি কাঞ্চন দাশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানকারী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) (নম্বর-৭৭৭) করেছেন যতন কুমার রায়। তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় জানান, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার সুপারিশ করে তদন্ত প্রতিবেদন জমা না দিতে তাদের আয়কর আইনজীবী কাঞ্চন দাশ মুঠোফোনে (০১৬৭৭ ০৭২ ১১১) হুমকি দিয়েছেন। যতন কুমার রায় বলেন, সকাল ১০টা ৮ মিনিটে আমার মুঠোফোনে কল করে কাঞ্চন দাশ বলেন, এনামুল হক স্যার বলেছেন, উপর মহল তার পক্ষে আছে। আপনি শুধু তার বিরুদ্ধে মামলা না করার সুপারিশ করে প্রতিবেদন জমা দেবেন। তিনি বলেন, আইন অনুযায়ী প্রতিবেদন জমা দেয়ার বিষয়টি জানালে তিনি (কাঞ্চন দাশ) আমায় দেখে নেয়ার হুমকি দেন। একপর্যায়ে প্রাণনাশেরও হুমকি দেন ওই আইনজীবী। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবি কাঞ্চন দাশ। তিনি নয়া দিগন্তকে বলেন, ‘সকালে তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমার কাছে কিছু কাগজপত্র চাচ্ছিলেন। কিন্তু তাকে কোনো ধরনের হুমকি দেয়া হয়নি।’ নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে। সম্প্রতি অভিযোগের বিষয়টি তদন্ত করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা যতন কুমার রায়।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওই আইনজীবি।