April 23, 2026
কুড়িগ্রাম: জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে মেনে নিলেই বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে অন্যথায় নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, দেশে মধ্যবর্তী নির্বাচন দেয়ারও কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের এক কর্মীসভায় শনিবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সম্প্রতি একটি বিদেশী সংস্থার করা জরিপকে ইঙ্গিত করেন হানিফ বলেন, নির্বাচনের আগে যে সকল সংস্থা সরকারের বিরুদ্ধে মতামত ব্যক্ত করেছিল’ তারাই এখন জরিপ করে সরকারের আইন শৃংখলা রক্ষা ও অর্থনৈতিক ‘অগ্রগতির পক্ষে’ শতকরা ৮৫ ভাগ মানুষের সমর্থনের কথা বলছে। তাই মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভেবে সময় নষ্ট না করার জন্য বিএনপিকে পরামর্শ দেন তিনি।
জামায়াতে ইসলাম নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে হানিফ বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করে ইতিমধ্যেই জামায়াত প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয় বরং একটি সন্ত্রাসী সংগঠন। দলটিকে নিষিদ্ধ করার ব্যাপারে আদালতে মামলা রয়েছে। সারাদেশের জনগণের মাঝে জামায়াত নিষিদ্ধের যে দাবি রয়েছে মামলার নিষ্পত্তি হলেই তা বাস্তবায়িত হবে।”
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের সভাপতিত্বে সাধারণ পাঠাগার চত্বরে অনুষ্ঠিত এ কর্মীসভায় অন্যদের বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী মো. ফারুক খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য দেওয়ান শফিউল আরেফিন টুটুল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী।