May 6, 2026
সপ্তাহ শেষে নিত্যপণ্যের বাজারমূল্যের মধ্যে বেড়েছে চালের দাম। বাড়তি দামের তালিকাভুক্ত অন্য পণ্যটি হলো আলু। তবে হাফ কেজি গুঁড়ো দুধের দাম বাড়তে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। রাজধানীর মোহাম্মদপুর হাউন হল ও কৃষি মার্কেট (নতুন কাঁচাবাজার) ঘুরে দামের এমন চিত্র পাওয়া গেছে। বাজার ঘুরে দেখা গেছে, মিনিকেট ও ব্রি-২৮ জাতের চালের দাম বেড়েছে। এই দুই জাতের চাল কেজিতে ২ থেকে ৩ টাকা দাম বেশি দরে বিক্রি হচ্ছে। বাজারে বর্তমানে প্রতিকেজি মিনিকেট ৫২-৫৬ টাকায়, ব্রি-২৮ জাতের চাল ৪৫ টাকায় ও নাজিরশাইল চাল (প্রকার ও মানভেদে) ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
কিন্তু গত সপ্তাহে প্রতিকেজি নাজিরশাইল চাল (প্রকারভেদে) ৪৫-৫০ টাকায়, মিনিকেট চাল (প্রকারভেদে) ৫০-৫৫ টাকায় বিক্রি হয়। চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারের সুমন রাইস স্টোরের চাল ব্যবসায়ী সুমন মাহমুদ বলেন, চালের দাম গত সপ্তাহের চেয়ে বেশি। একই বাজারের হাবিব রাইস স্টোরের শাহীন জানান, মিনিকেট ও ব্রি-২৮ জাতের চালের দাম গত সপ্তাহের চেয়ে বাড়তি।
সবজির মধ্যে গত সপ্তাহের চেয়ে বেশ বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। বাজারে প্রতিকেজি গোল আলু বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়। লম্বা জাতের সাদা আলু প্রতিকেজি ১৪-১৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও প্রতিকেজি আলুর দাম ছিল ১৩ টাকা। আলুর বাড়তি দাম প্রসঙ্গে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী আরিফ হোসেন
বলেন, বর্তমানে আলুর পাইকারি ব্যবসায়ী ও কৃষকরা আলু গোডাউনজাত করছেন। এ কারণে আলুর দাম বেশি। সবজির মধ্যে পেঁপে প্রতিকেজি ২০ টাকায়, বেগুন (প্রকারভেদে) ৪০-৫০ টাকায়, শিম ৩০ টাকায়, করলা (মানভেদে) ২৫-৩০ টাকায়, টমেটো ২৫-৩০ টাকায়, মিষ্টি কুমড়া ৩০ টাকায়, বরবটি ৬০ টাকায়, শসা ৪০ টাকায়, গাজর ২০ টাকায়, পটল ৬০ টাকায়, চিচিঙ্গা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচামরিচ প্রতিকেজি ৮০ টাকায় ও পেঁয়াজ প্রতিকেজি ২৪-৩২ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে প্রতিকেজি বরবটি ৮০ টাকায়, টমেটো ৩০-৪০ টাকায়, শিম ৩০-৪০ টাকায়, গাজর ২০ টাকায়, বেগুন (বাজারভেদে) ৫০ টাকায়, শসা ৪০ টাকায়, করলা (বাজারভেদে) ৭০-৮০ টাকায়, চিচিঙ্গা ৪০ টাকায়, ঢেঁড়স (বাজারভেদে) ৫০-৬০ টাকায়, কাঁচামরিচ (বাজারভেদে) ৪০-৬০ টাকায়, পেঁয়াজ ৩২ টাকায় বিক্রি হয়।
সবজির দাম প্রসঙ্গে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, সবজির দাম এখন ক্রেতাদের হাতের নাগালের মধ্যে রয়েছে। তবে কয়েক দিন পর সবজির এই দাম নাও থাকতে পারে।
এদিকে বাজারে গুঁড়োদুধের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানান, হাফ কেজি ডিপ্লোমা দুধের দাম বর্তমানে ৩৪০ টাকা ও ডানো (৪০০ গ্রাম) দুধের দাম ২৮৫ টাকা। কিন্তু তা আগামীতে বৃদ্ধি পেতে পারে। একই কথা বললেন মোহাম্মদপুর কৃষি মার্কেটের (নতুন কাঁচাবাজার) চাঁদপুর জেনারেল স্টোরের এক দোকানদার।
মাংসের মধ্যে গরুর মাংস প্রতিকেজি ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ফার্মের মুরগি প্রতিকেজি ১৪৫-১৫০ টাকায়, দেশি মুরগি প্রতিকেজি ২০০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস প্রতিকেজি ৪৫০-৫৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্য পণ্যের মধ্যে বাজারে বর্তমানে প্রতিকেজি ভারতীয় মসুর ডাল ৭৫ টাকায় ও দেশি সমুর ডাল ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও মসুর ডালের দাম একই ছিল। রূপচাঁদা ব্র্যান্ডের ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৫৭৫ টাকায় ও তীর ব্র্যান্ডের সয়াবিন তেল ৫৭০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিম প্রতিহালি ২৮ টাকায় ও হাঁসের ডিম ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।